শিলিগুড়ি,১৩ অক্টোবর : দীপাবলির মরশুমে আবারও নিষিদ্ধ শব্দবাজি পাচারের চেষ্টা ব্যর্থ করল পুলিশ। বিপুল পরিমাণ শব্দবাজি সহ এক যুবককে গ্রেফতার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার আধিকারিকরা। ধৃতের নাম গণেশ বিশ্বকর্মা, ভক্তিনগর থানার অন্তর্গত সরোজিনী পল্লি এলাকার বাসিন্দা।
সূত্রের খবর, গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালায় পিসিমিত্তাল বাস টার্মিনাসে। সেখানে সন্দেহভাজনভাবে দাঁড়িয়ে থাকা গণেশের কাছ থেকে উদ্ধার হয় প্রায় ৩৮ কেজি নিষিদ্ধ শব্দবাজি, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ₹৪১,০০০।
তদন্তে জানা যায়, এই বিপুল পরিমাণ শব্দবাজি ওদলাবাড়ি নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল গণেশের। ইতিমধ্যেই গাড়িও এসে পড়েছিল, কিন্তু তার আগেই ভক্তিনগর থানার পুলিশ অভিযান চালিয়ে সমগ্র পরিকল্পনা ভেস্তে দেয়।
পুলিশ সূত্রে খবর, দীপাবলিকে কেন্দ্র করে গোটা শিলিগুড়ি শহরজুড়ে কড়া নজরদারি চালানো হচ্ছে নিষিদ্ধ বাজি বিক্রি ও পাচার রুখতে। ধৃত গণেশ বিশ্বকর্মাকে সোমবার জলপাইগুড়ি আদালতে তোলা হয়েছে। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।