শিলিগুড়ি,৫ আগস্ট : পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে তৃতীয় দিনে এনজেপি ট্রাফিক গার্ডের উদ্যোগে বুধবার ফুলেশ্বরী বাজার সংলগ্ন এলাকায় এক বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। এদিন হেলমেটবিহীন দুই-চাকার চালকদের মধ্যে বিনামূল্যে হেলমেট বিতরণ করা হয়।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডিসিপি কাজি সামসুদ্দিন আহমেদ, এসিপি চন্দন দাস সহ এনজেপি ট্রাফিক গার্ডের অন্যান্য পুলিশ কর্মীরা।
হেলমেট বিতরণের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে পথ নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বাড়াতেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়। ট্রাফিক নিয়ম মেনে চলার গুরুত্ব, হেলমেট ব্যবহারের প্রয়োজনীয়তা এবং দুর্ঘটনা এড়াতে করণীয় বিষয়ে পথচারী ও চালকদের সচেতন করা হয়।
এনজেপি ট্রাফিক গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, পথ নিরাপত্তা সপ্তাহ জুড়ে প্রতিদিনই বিভিন্ন এলাকায় এমন সামাজিক ও সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হচ্ছে, যাতে সাধারণ মানুষের মধ্যে ট্রাফিক নিয়ম মানার অভ্যাস আরও জোরদার হয়।