নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি: পরিবেশ দূষণ রোধ এবং পুণ্যার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে শিলিগুড়িতে ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে কৃত্রিম ঘাটে ছট পুজোর আয়োজন। প্রাকৃতিক নদী বা জলাশয়ের পরিবর্তে পাড়ায় পাড়ায় অস্থায়ী জলাশয় তৈরি করে সূর্যদেব ও ছটি মাইয়ার আরাধনায় সামিল হচ্ছেন অসংখ্য ব্রতী। এতে একদিকে যেমন প্রাকৃতিক জলাশয় দূষণের আশঙ্কা কমছে, অন্যদিকে নিরাপদে পুজো করার সুযোগ পাচ্ছেন পুণ্যার্থীরা।
শিলিগুড়ি পুরনিগমের ৭ নম্বর ওয়ার্ডের বিদ্যাসাগর পল্লির শীতলা ও কালীমন্দির প্রাঙ্গণে তৈরি হয়েছে এমনই একটি কৃত্রিম ঘাট। মিলন সমিতি ক্লাব ও স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে ২০১৭ সাল থেকে এখানে ছট পুজোর আয়োজন হয়ে আসছে। প্রথমদিকে মাত্র ৮ থেকে ১০টি পরিবারকে নিয়ে শুরু হলেও বর্তমানে প্রায় ২৫টি পরিবার এই আয়োজনে অংশগ্রহণ করছে। বিশেষত্ব হল, বিহারি, মারওয়ারি ও বাঙালি-সহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ একসঙ্গে এই উৎসবে শামিল হন।
মিলন সমিতি ক্লাবের সভাপতি নারায়ণ ঘোষ জানান, নদী দূষণ রোধে জাতীয় পরিবেশ আদালতের নির্দেশের বিষয়টি সামনে আসার পর বিকল্প হিসেবে মন্দির প্রাঙ্গণে কৃত্রিম ঘাট তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়। ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পিন্টু ঘোষের সহযোগিতায় শুরু হয় এই উদ্যোগ। বর্তমানে পুজো উপলক্ষে প্রায় দেড় থেকে দুই কুইন্টাল ঠেকুয়া প্রসাদ বিতরণ করা হয়। পাশাপাশি ব্রতী ও দর্শনার্থীদের জন্য পানীয় জল, চা-সহ প্রয়োজনীয় ব্যবস্থাও রাখা হয়। কোনও বাধ্যতামূলক চাঁদা ছাড়াই স্বেচ্ছাসেবী সহযোগিতায় পরিচালিত হয় সম্পূর্ণ আয়োজন। পুরনিগমের পক্ষ থেকেও মাঠ প্রস্তুত, বালি ও আলোর ব্যবস্থা করে সহযোগিতা করা হয়।
অন্যদিকে, উদ্যোক্তা বিক্রম গুপ্তার বক্তব্য, শিলিগুড়ির জনসংখ্যা বাড়লেও সেই অনুপাতে পর্যাপ্ত ঘাট নেই। অনেক ক্ষেত্রে প্রাকৃতিক ঘাটে জায়গা পাওয়া কঠিন হয়ে পড়ে। কোথাও ঘাট ব্যবহারের জন্য অতিরিক্ত অর্থ দিতে হয় বলেও অভিযোগ। ফলে কৃত্রিম ঘাট বহু পরিবারের কাছে বিকল্প হয়ে উঠেছে। তবে মাঠের আয়তন সীমিত হওয়ায় নতুন পরিবারকে জায়গা দেওয়া বর্তমানে কঠিন।
ধর্মীয় আচার পালনের পাশাপাশি পরিবেশ সচেতনতা, নিরাপত্তা ও সামাজিক সম্প্রীতির বার্তা দিচ্ছে বিদ্যাসাগর পল্লির এই উদ্যোগ।