শিলিগুড়ি,২ জুন: মহিলাদের জন্য চালু হওয়া বিনামূল্যের বাস পরিষেবা ঘিরে প্রথম দিনেই দেখা দিল বিভ্রান্তি। সরকারি উদ্যোগে চালু হওয়া এই পরিষেবায় খুশি মহিলারা। তবে সুযোগের সদ্ব্যবহার করতে গিয়ে কিছু অসাধু বেসরকারি বাস সংস্থার বিরুদ্ধে উঠল গুরুতর অভিযোগ।
অভিযোগ, সরকারি বাসে ‘NBSTC’ লেখা থাকলেও কিছু বেসরকারি বাসে ‘NBST’ নাম ব্যবহার করা হচ্ছে এবং সেই বাসগুলিকে সরকারি বাসের মতোই রং করা হয়েছে। ফলে সাধারণ যাত্রীরা সহজেই বিভ্রান্ত হচ্ছেন। অনেক মহিলা যাত্রী এই বাসগুলিকে সরকারি ভেবে উঠে পড়ছেন এবং পরে তাদের কাছ থেকে ভাড়া নেওয়া হচ্ছে বলে অভিযোগ।
এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার শিলিগুড়ি আরটিও দফতরে স্মারকলিপি জমা দেন বঙ্গীয় হিন্দু মহামঞ্চের সদস্যরা। তাদের দাবি, অবিলম্বে এই প্রতারণামূলক কাজ বন্ধ করতে হবে এবং দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, এভাবে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা মেনে নেওয়া হবে না। প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে এই সমস্যার সমাধান হবে বলেই আশা প্রকাশ করেছেন তারা।