শিলিগুড়ি, ১৭ সেপ্টেম্বর: বেতন বৃদ্ধি এবং নির্দিষ্ট সময়ে বেতন প্রদানের দাবিতে শিলিগুড়ি পুরনিগম অভিযান করল সিআইটিইউ দার্জিলিং জেলা কমিটি। বৃহস্পতিবার সিআইটিইউ নেতৃত্বে ‘নির্মল বন্ধু’ প্রকল্পের অস্থায়ী সাফাই কর্মীরা পুরনিগমে গিয়ে বিক্ষোভ দেখান।
একই বেতনে দীর্ঘদিন কাজের অভিযোগ
আন্দোলনকারীদের অভিযোগ, বছরের প্রায় ৩৬৫ দিন কাজ করেও তাঁরা সময়মতো প্রাপ্য বেতন পাচ্ছেন না। দীর্ঘদিন ধরে একই বেতনে কাজ করলেও বেতন বৃদ্ধির কোনও ব্যবস্থা করা হয়নি। এর পাশাপাশি নির্দিষ্ট সময়ে বেতন না পাওয়ায় সমস্যায় পড়তে হচ্ছে অস্থায়ী সাফাই কর্মীদের।
পুরনিগমের গেটে বিক্ষোভ
এদিন ‘নির্মল বন্ধু’ প্রকল্পের কর্মীদের সঙ্গে নিয়ে সিআইটিইউ নেতৃত্ব শিলিগুড়ি পুরনিগমে পৌঁছয়। আন্দোলনকারীরা পুরনিগমের গেট ধাক্কা দিয়ে খুলে চত্বরে প্রবেশ করেন এবং পরে গেট আটকে পুরনিগম চত্বরে ধর্নায় বসেন।
বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি
সিআইটিইউ-এর পক্ষ থেকে জানানো হয়েছে, দ্রুত দাবিগুলি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তাঁরা। প্রয়োজনে শারদীয় উৎসবের প্রাক্কালে বৃহত্তর আন্দোলনের পাশাপাশি ধর্মঘটের পথেও যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।