নিজেই রোড রোলারের স্টিয়ারিং হাতে নিয়ে বাজেয়াপ্ত সাইলেন্সার ধ্বংস করলেন পর্যটনমন্ত্রী তথা শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ
শিলিগুড়ি, ৭ নভেম্বর: শব্দদূষণ রুখতে মডিফায়েড সাইলেন্সার লাগানো বাইকের বিরুদ্ধে বড়সড় পদক্ষেপ নিল শিলিগুড়ি পুলিশ কমিশনারেট। গত কয়েক মাস ধরে শিলিগুড়ির বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২০০-র বেশি মডিফায়েড সাইলেন্সার বাজেয়াপ্ত করেছিল পুলিশ। শনিবার সেই বাজেয়াপ্ত সাইলেন্সারগুলি রোড রোলারের সাহায্যে গুঁড়িয়ে নষ্ট করে দেওয়া হয়।
রোড রোলারে উঠে সাইলেন্সার ধ্বংস করলেন পর্যটনমন্ত্রী : এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিলিগুড়ির বিধায়ক তথা রাজ্যের পর্যটনমন্ত্রী শংকর ঘোষ। শুধু উপস্থিত থাকাই নয়, নিজেই রোড রোলারের স্টিয়ারিং হাতে তুলে নিয়ে বাজেয়াপ্ত মডিফায়েড সাইলেন্সারগুলির উপর দিয়ে রোলার চালিয়ে সেগুলি ধ্বংস করেন তিনি। মন্ত্রীর এই উদ্যোগকে ঘিরে কর্মসূচিতে বিশেষ নজর কাড়ে।
বিকট শব্দের বিরুদ্ধে পুলিশের অভিযান : উল্লেখ্য, মডিফায়েড সাইলেন্সার ব্যবহার করে একাংশ বাইক চালক রাস্তায় বিকট শব্দ সৃষ্টি করেন। এর ফলে সাধারণ মানুষ, বিশেষ করে প্রবীণ নাগরিক, শিশু এবং অসুস্থ ব্যক্তিদের সমস্যায় পড়তে হয়। পাশাপাশি বাড়ছে শব্দদূষণের সমস্যাও। এই পরিস্থিতিতে শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং যানবাহনের নিয়মবিধি কার্যকর করতে গত কয়েক মাস ধরে বিভিন্ন এলাকায় অভিযান চালায় শিলিগুড়ি পুলিশ।
শব্দদূষণ রুখতে কড়া বার্তা : বাজেয়াপ্ত হওয়া ২০০-র বেশি মডিফায়েড সাইলেন্সার প্রকাশ্যে রোড রোলারের সাহায্যে গুঁড়িয়ে দেওয়ার মধ্য দিয়ে বেআইনি মডিফিকেশনের বিরুদ্ধে কড়া বার্তা দেওয়া হল বলেই মনে করা হচ্ছে। আগামী দিনেও এই ধরনের অভিযান জারি থাকলে শহরের রাস্তায় বিকট শব্দের দাপট অনেকটাই নিয়ন্ত্রণে আসবে বলে আশা।