খাদ্য সুরক্ষা দপ্তর ও পুরনিগমের অভিযানে একাধিক অনিয়ম, নথি জমার নির্দেশ
শিলিগুড়ি, ৭ সেপ্টেম্বর: শিলিগুড়ি প্রধান নগর এলাকার একটি মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত ও সংরক্ষণের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। সোমবার খাদ্য সুরক্ষা দপ্তর ও শিলিগুড়ি পুরনিগমের যৌথ অভিযানে একাধিক অনিয়মের অভিযোগ সামনে আসে।
অভিযান চালানো হয় এলাকার ‘আরতি সুইটস’ নামের মিষ্টির দোকানে। পরিদর্শনের সময় দোকানের ভিতরে খাদ্যদ্রব্য প্রস্তুত ও সংরক্ষণের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মানা হচ্ছে না বলে অভিযোগ ওঠে। প্লাস্টিকের পাত্রে বিভিন্ন খাদ্যসামগ্রী মজুত করে রাখার পাশাপাশি মিষ্টির সিরার মধ্যে একাধিক আরশোলা দেখতে পান আধিকারিকরা। ঘটনাকে ঘিরে স্থানীয়দের মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছে।
খাদ্য প্রস্তুত ও সংরক্ষণে প্রশ্ন
অভিযানকারী আধিকারিকদের অভিযোগ, দোকানের সামগ্রিক পরিবেশ খাদ্য প্রস্তুত ও সংরক্ষণের জন্য সন্তোষজনক ছিল না। উৎপাদন কারখানার পরিকাঠামো এবং স্বাস্থ্যবিধি সংক্রান্ত বিষয়েও দোকান কর্তৃপক্ষের কাছ থেকে সন্তোষজনক ব্যাখ্যা মেলেনি বলে জানা গিয়েছে।
যদিও দোকান কর্তৃপক্ষের তরফে কিছু প্রয়োজনীয় নথিপত্র আধিকারিকদের সামনে পেশ করা হয়, তবে উৎপাদন ব্যবস্থা ও স্বাস্থ্যবিধি সংক্রান্ত আরও নথি ও তথ্য চাওয়া হয়েছে।
নথি জমার নির্দেশ, কড়া পদক্ষেপের ইঙ্গিত
অভিযান শেষে খাদ্য সুরক্ষা দপ্তর ও পুরনিগমের পক্ষ থেকে দোকান কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে, আগামীকালের মধ্যে প্রয়োজনীয় সমস্ত নথি পুরনিগমে জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নথি জমা না দেওয়া হলে অথবা স্বাস্থ্যবিধি সংক্রান্ত অনিয়মের যথাযথ সমাধান না হলে নিয়ম অনুযায়ী কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
খাদ্যদ্রব্যের গুণমান ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে আগামী দিনে এই ধরনের অভিযান আরও জোরদার করা হবে কি না, সেদিকেই এখন নজর স্থানীয়দের।