রাজস্থানের বাসিন্দা ২৬ বছরের তরুণী শিবানীর শিলিগুড়িতে রহস্যমৃ*ত্যুর ঘটনায় প্রায় এক মাস পর তাঁর প্রেমিক রানা দে-কে গ্রেফতার করল ভক্তিনগর থানার পুলিশ। অভিযুক্ত ফকদইবাড়ির বাসিন্দা বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ২০২৩ সালে কাজের সন্ধানে শিলিগুড়িতে এসেছিলেন শিবানী। একটি পাব ও বারে গায়িকা হিসেবে কাজ করতেন তিনি। সেই সময়ই রানা দে-র সঙ্গে তাঁর পরিচয় এবং পরবর্তীতে প্রেমের সম্পর্ক তৈরি হয়। প্রায় আড়াই বছর তাঁদের মধ্যে যোগাযোগ ছিল।
শিবানীর বাবা অজিত সিংয়ের অভিযোগ, রানা দে তাঁর মেয়ের উপার্জনের উপর নিয়ন্ত্রণ রাখতেন। সম্পর্ক ছিন্ন করার চেষ্টা করলে শিবানীকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করা হত বলেও অভিযোগ।
FIR অনুযায়ী, গত ৪ আগস্ট রাজস্থানে নিজের বাড়িতে গিয়েছিলেন শিবানী। ২৮ আগস্ট তিনি শিলিগুড়িতে ফিরে আসেন। এরপরই তাঁর উপর ফের চাপ সৃষ্টি করা হয় বলে অভিযোগ।
১০ সেপ্টেম্বর এক বন্ধুর জন্মদিনের পার্টিতে যোগ দেওয়ার পর PG-তে ফিরে যান শিবানী। পরদিন সকালে ঘরের দরজা ভিতর থেকে বন্ধ অবস্থায় পাওয়া যায়। দরজা ভেঙে তাঁকে ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার করা হয়।
ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে, প্রত্যক্ষদর্শীদের বয়ান নেয় এবং শিবানীর মোবাইল ফোন, WhatsApp চ্যাট-সহ বিভিন্ন তথ্য খতিয়ে দেখে। দীর্ঘ তদন্তের পর ফকদইবাড়ি থেকে রানা দে-কে গ্রেফতার করা হয়।
পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে BNS-এর ১০৮ ও ৬১(২) ধারায় মামলা দায়ের করে তাঁকে জলপাইগুড়ি আদালতে পেশ করেছে। শিবানীর মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য দিক খতিয়ে দেখতে তদন্ত চলছে।