শিলিগুড়ি, ১২ জুন: শিলিগুড়ি পুরনিগমের তরফে অবৈধ নির্মাণ ভাঙাকে কেন্দ্র করে শহরের ৪০ নম্বর ওয়ার্ডের হায়দার পাড়া এলাকায় শুক্রবার ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এদিন হায়দার পাড়া মেইন রোডে প্রায় ছয়টি দোকান ভেঙে ফেলে পুরনিগম। ভাঙার কাজ শুরু হতেই পুরনিগমের আধিকারিকদের বিক্ষোভের মুখে পড়তে হয়। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে জমিটি নিয়ে হাই কোর্টে মামলা চললেও ব্যবসায়ী বা জমির মালিকদের কোনও পূর্ব নোটিশ ছাড়াই আচমকা এই ভাঙার অভিযান চালানো হয়।
ঘটনাস্থলে পৌঁছে ব্যবসায়ীদের দোকানের সরঞ্জাম সরিয়ে নিতে বলা হয় এবং অল্প সময়ের মধ্যেই ভাঙচুর শুরু করে দেওয়া হয়। জমির মালিক ও ব্যবসায়ীরা কিছুটা সময় চাইলেও তাদের সেই দাবি মানা হয়নি বলে অভিযোগ। এরপর ক্ষুব্ধ ব্যবসায়ীরা একত্রিত হয়ে বিক্ষোভে ফেটে পড়েন এবং ভাঙার কাজ সাময়িকভাবে বন্ধ করে দেন।
তবে শেষ পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে ভাঙার কাজ সম্পূর্ণ করা হয় এবং সমস্ত দোকান ভেঙে ফেলা হয়। পরিস্থিতি যাতে উত্তপ্ত না হয়ে ওঠে, সেজন্য ঘটনাস্থলে ভক্তিনগর থানার বিশাল পুলিশবাহিনী ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ছিল।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।