শিলিগুড়ির হায়দারপাড়া বাজার এলাকায় একটি বিরিয়ানির দোকানের ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। বিরিয়ানির দোকানে বিজেপি কর্মীরা ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ তুলে সিপিআইএমের পক্ষ থেকে হায়দারপাড়া বাজার এলাকায় একটি প্রতিবাদ র্যালি বের করা হয়। র্যালিতে দলের নেতা-কর্মীরা ঘটনার প্রতিবাদ জানিয়ে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তোলেন।
হায়দার পাড়ার বিরিয়ানির দোকানের ঘটনা নিয়ে মিছিল বিজেপির
অন্যদিকে, সিপিআইএমের এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে বিজেপি। দলের অভিযোগ, মিথ্যা অভিযোগ তুলে সিপিআইএম এলাকায় অশান্তির পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে।
এরই প্রতিবাদে বিজেপির পক্ষ থেকেও হায়দারপাড়া স্বামীজি মোড় থেকে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি স্বর্ণালী ভবন এলাকা পরিক্রমা করে পুনরায় স্বামীজি মোড়ে এসে শেষ হয়। এই কর্মসূচিতে ডাবগ্রাম-ফুলবাড়ি মণ্ডল ৪ নম্বরের নেতৃবৃন্দ উপস্থিত থেকে মিছিল পরিচালনা করেন।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানউতোর শুরু হলেও উভয় পক্ষই নিজেদের অবস্থানে অনড় রয়েছে।
তবে বিরিয়ানির দোকানে ঘটনার অভিযোগের সত্যতা সম্পর্কে প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বক্তব্য প্রকাশ করা হয়নি। পরিস্থিতির উপর প্রশাসনের নজর রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।