শিলিগুড়ি, ২ আগস্টঃ পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের অন্যতম বৃহৎ পর্যটন সংগঠন এথোয়ার (ETHOA) সাধারণ সভা শিলিগুড়িতে অনুষ্ঠিত হল। এই সভায় ২০২৬-২০২৮ বর্ষের জন্য নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়। সংগঠনের সদস্যদের উপস্থিতিতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ১৭ সদস্যের নতুন গভর্নিং বডি নির্বাচিত হয়। নতুন কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দেবাশিস মৈত্র।
নতুন কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সুশমিত দত্ত। সহ-সভাপতির পদে নির্বাচিত হয়েছেন রাজীব সিনহা। সম্পাদক হয়েছেন সন্দীপন ঘোষ এবং যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রাজেশ কিথানিয়া। কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন কুমার লামা। কো-অর্ডিনেটরের দায়িত্বে রয়েছেন অনিল কুমার কানসোবানিক এবং উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন সুরেশ ঠাকুরি।
২০০২ সালে প্রতিষ্ঠিত এথোয়া বর্তমানে পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের অন্যতম বৃহৎ ট্রাভেল ও ট্যুরিজম প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত। পশ্চিমবঙ্গ, সিকিম, উত্তর-পূর্ব ভারতের সাতটি রাজ্য ছাড়াও প্রতিবেশী দেশ নেপাল ও বাংলাদেশের ৩৫০-রও বেশি সক্রিয় সদস্য নিয়ে সংগঠনটি দীর্ঘদিন ধরে পর্যটন শিল্পের বিকাশ ও ব্যবসায়িক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে চলেছে। পর্যটন সংক্রান্ত বিভিন্ন সমস্যা সমাধান, আন্তঃরাজ্য সমন্বয় এবং নতুন পর্যটন সম্ভাবনার বিকাশে সংগঠনটির ভূমিকা উল্লেখযোগ্য।
সাধারণ সভায় পর্যটন শিল্পে বিশেষ অবদান রাখা একাধিক সংগঠন, উদ্যোক্তা ও বিশিষ্ট ব্যক্তিত্বকে সংবর্ধনা জানানো হয়। বক্তারা বলেন, পর্যটন শিল্প শুধু অর্থনৈতিক উন্নয়ন নয়, কর্মসংস্থান সৃষ্টি এবং আঞ্চলিক সংস্কৃতি ও ঐতিহ্যের প্রসারেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই লক্ষ্যেই আগামী দিনে আরও বৃহত্তর পরিসরে কাজ করবে এথোয়া।
এদিনের সভার অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল পর্যটন ও পরিবহণ ব্যবস্থাকে আরও সুসংহত করার লক্ষ্যে এথোয়া এবং নর্থ বেঙ্গল ট্যুরিস্ট ট্রান্সপোর্ট অপারেটর্স অ্যাসোসিয়েশনের মধ্যে একটি সমঝোতা চুক্তি (MoU) স্বাক্ষর। এই চুক্তির মাধ্যমে পর্যটকদের উন্নত পরিষেবা, নিরাপদ পরিবহণ ব্যবস্থা এবং পর্যটন ব্যবসায় আরও কার্যকর সমন্বয় গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট মহলের মতে, এই সমঝোতা উত্তরবঙ্গসহ সমগ্র পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের পর্যটন শিল্পে ইতিবাচক প্রভাব ফেলবে।
সামাজিক দায়বদ্ধতার পরিচয়ও দিয়েছে এথোয়া। সম্প্রতি অসমে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সংগঠনের পক্ষ থেকে ১ লক্ষ টাকা সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের পর্যটনমন্ত্রী ডঃ শঙ্কর ঘোষের মাধ্যমে এই অর্থ মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা দেওয়া হবে এবং পরবর্তীতে তা অসমের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঠানো হবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।
সভার শেষে নবনির্বাচিত নেতৃত্ব পর্যটন শিল্পের উন্নয়ন, সদস্যদের স্বার্থরক্ষা এবং আঞ্চলিক পর্যটনের প্রসারে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন। নতুন কমিটির নেতৃত্বে আগামী দিনে এথোয়া পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের পর্যটন শিল্পকে আরও এগিয়ে নিয়ে যাবে বলেই আশা প্রকাশ করেছেন সংগঠনের সদস্যরা।