শিলিগুড়ি,১১ জুলাই : মোটরবাইক চুরির ঘটনার মাত্র ১৫ দিনের মধ্যেই দুষ্কৃতীকে গ্রেফতার করে চুরি যাওয়া বাইক উদ্ধার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানার এন্টি ক্রাইম উইং।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম বিট্টু দেবনাথ। তার বাড়ি ভক্তিনগর থানার আশিঘড় পুলিশ ফাঁড়ির অন্তর্গত হাতিয়াডাঙ্গা এলাকায়।
প্রায় ১৫ দিন আগে ডাবগ্রাম এলাকা থেকে অম্বিকানগরের এক বাসিন্দার মোটরবাইক চুরি যায়। এই ঘটনায় শিলিগুড়ি থানায় অভিযোগ দায়ের হওয়ার পরই তদন্তে নামে এন্টি ক্রাইম উইং-এর পুলিশ। বিভিন্ন সূত্রকে কাজে লাগিয়ে অভিযানে নেমে অবশেষে বিট্টু দেবনাথকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। তার কাছ থেকেই উদ্ধার করা হয় চুরি যাওয়া মোটরবাইকটি।
শনিবার ধৃতকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়। পুরো ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে শিলিগুড়ি থানার এন্টি ক্রাইম উইং।