শিলিগুড়ি,৫ আগস্ট: অবৈধভাবে মদ বিক্রির অভিযোগকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠল পূর্ব মাঝাবাড়ি এলাকা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে পূর্ব মাঝাবাড়ির বাসিন্দা শঙ্কর দাস নিজের বাড়িতে দেশি মদসহ বিভিন্ন নেশার সামগ্রী বিক্রি করে আসছিলেন। এলাকাবাসীদের অভিযোগ, একাধিকবার সতর্ক করা সত্ত্বেও তিনি কোনও কথা শোনেননি এবং প্রকাশ্যেই এই অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন।
মঙ্গলবার সন্ধ্যায় এলাকার মহিলা বাহিনী শঙ্কর দাসের বাড়িতে হানা দেয়। অভিযোগ, সেই সময় শঙ্কর দাস মহিলাদের উপর চড়াও হন এবং তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেন, এমনকি তাঁদের জামাকাপড় ছিঁড়ে দেওয়ারও অভিযোগ ওঠে। ঘটনার পর এলাকাবাসীরা ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং শঙ্কর দাসকে মারধর করেন।
এরপর স্থানীয় মহিলা বাহিনী শঙ্কর দাসের বাড়ি ও তাঁর আত্মীয়দের বাড়িতে তল্লাশি চালালে বিপুল পরিমাণ দেশি মদ ও নেশাজাতীয় সামগ্রী উদ্ধার হয় বলে জানা যায়। এলাকাবাসীদের দাবি, দীর্ঘদিন ধরেই এই অবৈধ ব্যবসার ফলে এলাকার শিশু ও যুবসমাজ নেশার দিকে ঝুঁকে পড়ছে। তাঁরা অবিলম্বে এই ধরনের কর্মকাণ্ড বন্ধ করার দাবি জানিয়েছেন।
অন্যদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আশিঘর ফাঁড়ির পুলিশ। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।