শিলিগুড়ি,১০ নভেম্বর: জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে ১০০ জনেরও বেশি লোকজনকে সঙ্গে নিয়ে বাড়িতে হামলা, পরিবারের মহিলাদের মারধর, ভাঙচুর এবং সোনার গয়না ও নগদ টাকা লুটের অভিযোগ উঠল বিজেপির মহিলা নেত্রী মামনি দাস ও তাঁর দলবলের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এনজেপি থানা এলাকার ফুলবাড়ি-২ নম্বর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম ধনতলায়। এই ঘটনায় মামনি দাস-সহ মোট ১৬ জনের নাম উল্লেখ করে এবং ১০০ জনেরও বেশি অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে এনজেপি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বাড়ির মালিক আনোয়ার ইসলাম।
আনোয়ার ইসলামের অভিযোগ, পশ্চিম ধনতলায় যে জমিতে তিনি পরিবার নিয়ে বসবাস করেন, সেই জমি নিয়ে বেশ কিছুদিন ধরেই সমস্যা চলছিল। এই সমস্যার সমাধানের আশায় তিনি বিধায়িকা শিখা চ্যাটার্জি-সহ বিজেপির একাধিক উচ্চপদস্থ নেতার সঙ্গে দেখা করেছিলেন। পাশাপাশি বিষয়টি বিজেপি মহিলা মোর্চার জলপাইগুড়ি জেলা নেত্রী অনিন্দিতা রায় দাসের নজরেও আনা হয়। অভিযোগ, তিনি বিষয়টি মীমাংসার দায়িত্ব নিয়েছিলেন। কিন্তু এরপরেই পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।
আনোয়ারের দাবি, গত ৬ নভেম্বর তিনি এবং পরিবারের অন্যান্য পুরুষ সদস্যরা বাড়িতে উপস্থিত থাকাকালীন আচমকাই ১০০ জনেরও বেশি লোকের একটি দল তাঁদের বাড়ির সামনে জড়ো হয়। এরপর জোর করে বাড়িতে ঢুকে পরিবারের মহিলাদের ও বয়স্ক সদস্যদের উপর শারীরিক হামলা চালানো হয় বলে অভিযোগ। পাশাপাশি বাড়ির বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে মূল্যবান সামগ্রী ও নগদ টাকা নিয়ে যাওয়া হয় বলেও দাবি তাঁর।
এই ঘটনায় বিজেপি মহিলা মোর্চার ফুলবাড়ি-১ ও ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের সাধারণ সম্পাদিকা মামনি দাস-সহ মোট ১৬ জনের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন আনোয়ার। অভিযোগপত্রে বিধান সরকার, বিভূতি সরকার, উত্তম সরকার, জাহিরুল ইসলাম, সন্তোষ, প্রশান্ত মল্লিক, অলন্তা-সহ একাধিক ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে।
অভিযোগকারীর আরও দাবি, সাংগঠনিকভাবে অভিযোগ জানানোর পরেই এই হামলার ঘটনা ঘটে। তাঁর আশঙ্কা, জমি সংক্রান্ত সমস্যা এবং নেতৃত্বের কাছে অভিযোগ জানানোর প্রতিশোধ নিতেই এই হামলা চালানো হয়েছে। এমনকি মামনি দাস ফোনে তাঁকে হুমকি দিয়েছেন বলেও অভিযোগ তুলেছেন আনোয়ার।
এদিকে, বাড়ি থেকে নগদ টাকা, সোনার গয়না এবং অন্যান্য মূল্যবান সামগ্রী লুটের অভিযোগও সামনে এসেছে। আনোয়ারের দাবি, বাড়ি থেকে প্রায় চার লক্ষ টাকার নগদ ও সোনার গয়না-সহ মূল্যবান সামগ্রী নিয়ে যাওয়া হয়েছে। ওই নগদ টাকার মধ্যে দেড় লক্ষ টাকা ঋণ নিয়ে বাড়িতে রাখা হয়েছিল বলে জানান তিনি। শুধু তাই নয়, বাড়িতে লাগানো সিসিটিভি ক্যামেরার ডিজিটাল ভিডিও রেকর্ডার বা ডিভিআরও খুলে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ। ফলে ঘটনার গুরুত্বপূর্ণ সিসিটিভি ফুটেজও তাঁদের হাতে নেই।
ঘটনার পর আনোয়ার ইসলাম এনজেপি থানায় লিখিত অভিযোগ দায়ের করে নিরপেক্ষ তদন্ত, অভিযুক্তদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং লুট হওয়া সামগ্রী উদ্ধারের দাবি জানিয়েছেন। পাশাপাশি আক্রান্ত পরিবারের মহিলাদের ও বয়স্ক সদস্যদের চিকিৎসার ব্যবস্থা এবং পরিবারের নিরাপত্তা সুনিশ্চিত করার আবেদনও জানিয়েছেন তিনি।
অন্যদিকে, ঘটনার পর কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আনোয়ার ইসলামের বাড়ির সামনে এনজেপি থানার পক্ষ থেকে পুলিশ মোতায়েন করা হয়েছে। ইতিমধ্যেই পুরো ঘটনার তদন্ত শুরু করেছে এনজেপি থানার পুলিশ। তবে এই অভিযোগের বিষয়ে নেত্রী মামনি দাস কোনো বক্তব্য দেবেন না বলেই জানান।