নিজস্ব সংবাদদাতা, ফুলবাড়ি, ১১ নভেম্বর: স্বামীর মৃত্যুর মাত্র দু’মাসের মাথায় এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এল ফুলবাড়ি এলাকায়। মৃতার নাম অঞ্জলী রায়। বুধবার সকালে ফুলবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের পুটিমারি ডাঙ্গাপাড়া এলাকায় এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় দু’মাস আগে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় অঞ্জলী রায়ের স্বামীর। এরপর থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। প্রাথমিকভাবে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে নিজের ঘরেই তাঁর মৃত্যু হয়।
বুধবার সকালে দীর্ঘক্ষণ ঘরের বাইরে না আসায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়। এরপর তাঁর ছেলে ও প্রতিবেশীরা খোঁজ নিতে গিয়ে ঘরের ভিতরে অঞ্জলী রায়ের নিথর দেহ দেখতে পান। ঘটনায় এলাকায় শোকের পরিবেশ তৈরি হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে আরও জানা গিয়েছে, অঞ্জলী রায়ের এক ছেলে ও এক মেয়ে ছিল। কয়েক বছর আগেই তাঁদের মেয়ের মৃত্যু হয়। স্বামী ও মেয়েকে হারানোর পর এবার মাকেও হারিয়ে পরিবারের একমাত্র ছেলে কার্যত অসহায় হয়ে পড়েছেন। পরপর এমন শোকের ঘটনায় পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া।