কলকাতা: শহরের রাস্তায় ক্রমশ জনপ্রিয় হয়ে উঠেছে অ্যাপ-নির্ভর বাইক-ট্যাক্সি পরিষেবা। কম খরচে দ্রুত গন্তব্যে পৌঁছনোর সুবিধা থাকায় বহু যাত্রীর ভরসা হয়ে উঠেছে এই পরিষেবা। র্যাপিডো, ওলা ও উবরের মতো সংস্থার অ্যাপ ব্যবহার করে ব্যক্তিগত বাইক নিয়েই অনেকে যাত্রী পরিবহণ করছেন। তবে এবার এই ব্যবস্থায় লাগাম টানতে উদ্যোগী হল রাজ্য পরিবহণ দপ্তর।
পরিবহণ দপ্তরের নতুন নির্দেশিকা অনুযায়ী, কোনও রাইড-শেয়ারিং বা ক্যাব এগ্রিগেটর সংস্থা তাদের প্ল্যাটফর্মে নন-ট্রান্সপোর্ট বা ব্যক্তিগত শ্রেণির গাড়ি যুক্ত করতে পারবে না। ইতিমধ্যে যে সমস্ত ব্যক্তিগত গাড়ি বা বাইক এই পরিষেবায় যুক্ত রয়েছে, সেগুলিকে চিহ্নিত করে নির্দেশিকা জারির সাত দিনের মধ্যে প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
পরিবহণ দপ্তরের মতে, বাণিজ্যিক কাজে ব্যবহৃত বাইক ও গাড়ির প্রয়োজনীয় রেজিস্ট্রেশন এবং অনুমোদন থাকা বাধ্যতামূলক। কিন্তু বর্তমানে বহু ব্যক্তিগত নম্বরের বাইক বাণিজ্যিকভাবে যাত্রী পরিবহণে ব্যবহৃত হচ্ছে। ফলে সরকারের রাজস্ব ক্ষতির পাশাপাশি যাত্রীদের নিরাপত্তা এবং চালকদের বৈধতা নিয়েও প্রশ্ন উঠছে। অভিযোগ, অনেক চালক ভুয়ো বা অন্যের পরিচয়ে অ্যাকাউন্ট খুলে পরিষেবা চালাচ্ছেন। এমনকী, বহু চালকের বৈধ লাইসেন্স নিয়েও সংশয় রয়েছে।
নতুন নির্দেশিকার মাধ্যমে বাইক-ট্যাক্সি পরিষেবাকেও নির্দিষ্ট আইনি কাঠামোর আওতায় আনার পরিকল্পনা করছে রাজ্য সরকার। অ্যাপ-ক্যাবের মতোই বাইক-ট্যাক্সির ক্ষেত্রেও চালক, গাড়ির নথিপত্র, নিরাপত্তা এবং বাণিজ্যিক অনুমোদন সংক্রান্ত বিধিনিষেধ কার্যকর করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এর ফলে একদিকে যেমন বেআইনি যাত্রী পরিবহণে রাশ টানা সম্ভব হবে, অন্যদিকে সরকারের রাজস্ব আদায় এবং যাত্রী নিরাপত্তা নিশ্চিত করাও সহজ হবে।