স্কুল বন্ধ, তবুও থামেনি শিক্ষার পাঠ! বস্তির শিশুদের জন্য ছুটির দিনেও খোলা স্কুলের দরজা, নিজের উদ্যোগেই ক্লাস নিচ্ছেন প্রধান শিক্ষক
শিলিগুড়ি,৫ নভেম্বর : স্কুলের নির্ধারিত ছুটি চলছে, চারদিকে উৎসবের আমেজ। কিন্তু সেই উৎসবের মরশুমেও কয়েকজন খুদে পড়ুয়ার কাছে প্রতিদিনের সকাল মানেই বই-খাতা নিয়ে স্কুলে আসা। না, কোনও নিয়মিত ক্লাস নয়, নেই কোনও বাধ্যবাধকতাও। শিক্ষার প্রতি ভালোবাসা আর পড়ুয়াদের ভবিষ্যতের কথা ভেবেই ছুটির মধ্যেও স্কুলের বারান্দায় পাঠদানের ব্যবস্থা করেছেন দক্ষিণ শান্তিনগর হিন্দি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চিত্তরঞ্জন সরকার। তাঁর এই উদ্যোগে স্কুলের বন্ধ দরজার বাইরেই যেন তৈরি হয়েছে এক অন্যরকম শিক্ষাঙ্গন।
শিলিগুড়ির বস্তি অধ্যুষিত এলাকার এই বিদ্যালয়ের অধিকাংশ পড়ুয়াই প্রথম প্রজন্মের শিক্ষার্থী। পরিবারের অনেকের পক্ষেই বাড়িতে নিয়মিত পড়াশোনার পরিবেশ তৈরি করে দেওয়া সম্ভব হয় না। ফলে স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের উপরেই নির্ভর করতে হয় শিশুদের পড়াশোনার বড় অংশ। দীর্ঘ পুজোর ছুটিতে সেই শিক্ষার ধারাবাহিকতা যাতে নষ্ট না হয়, সেই ভাবনা থেকেই দশমীর পরের দিন থেকে বিশেষ ক্লাস শুরু করেন প্রধান শিক্ষক। উল্লেখযোগ্য বিষয়, এই উদ্যোগে শুধু নিজের স্কুলের পড়ুয়ারাই নয়, পার্শ্ববর্তী হিন্দি জুনিয়র হাইস্কুলের ছাত্রছাত্রীরাও অংশ নিচ্ছে।
প্রতিদিন সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সপ্তাহে ছয় দিন চলে এই ক্লাস। খোলা বারান্দাতেই বেঞ্চ পেতে বসে পড়ুয়ারা। তাদের পড়াশোনার মান ও প্রয়োজন অনুযায়ী নিজেই প্রশ্নপত্র তৈরি করছেন চিত্তরঞ্জনবাবু। পরে সেগুলি ফটোকপি করে শিশুদের হাতে তুলে দেওয়া হচ্ছে। অনুশীলনের মাধ্যমে কোথায় ভুল হচ্ছে, কোন বিষয়ে আরও চর্চার প্রয়োজন, সেদিকেও নজর রাখছেন তিনি। বিশেষ করে অঙ্ক ও ইংরেজির মতো বিষয়গুলিতে পড়ুয়াদের দক্ষতা বাড়ানোর চেষ্টা চলছে। সামনে বার্ষিক পরীক্ষা থাকায় এই অতিরিক্ত পাঠদান তাদের প্রস্তুতিতেও সহায়ক হচ্ছে।
এই পাঠশালার আরও একটি মানবিক দিক রয়েছে। শুধু পড়াশোনা করিয়েই দায়িত্ব শেষ করছেন না প্রধান শিক্ষক। ক্লাসে আসা শিশুদের জন্য নিজের উদ্যোগে টিফিনের ব্যবস্থাও করেছেন তিনি। কোনও দিন কেক ও বিস্কুট, কোনও দিন মিষ্টি, আবার কখনও পাউরুটি দেওয়া হচ্ছে পড়ুয়াদের। কারণ, এই এলাকার বহু পরিবারের কাছে স্কুলের মিড ডে মিল শিশুদের দৈনন্দিন খাবারের একটি গুরুত্বপূর্ণ অংশ। ছুটির সময়ে স্কুল বন্ধ থাকায় সেই সুবিধা থেকেও বঞ্চিত হচ্ছে তারা। তাই পড়াশোনার পাশাপাশি শিশুদের মুখে সামান্য খাবার তুলে দেওয়ার ব্যবস্থাও করেছেন চিত্তরঞ্জন সরকার।
নিজের এই উদ্যোগের উদ্দেশ্য ব্যাখ্যা করতে গিয়ে প্রধান শিক্ষক চিত্তরঞ্জন সরকার জানান, স্কুল খুললেই বার্ষিক পরীক্ষা শুরু হবে। দীর্ঘদিন পড়াশোনার বাইরে থাকলে অনেক পড়ুয়াই আগের শেখা বিষয় ভুলে যেতে পারে। সেই কারণেই ছুটির মধ্যেও তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে পড়াশোনা চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন তিনি। তাঁর কথায়, অঙ্ক ও ইংরেজির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে, যাতে পরীক্ষার আগে শিশুরা নিজেদের আরও ভালোভাবে প্রস্তুত করতে পারে। সম্পূর্ণ বিনামূল্যে এবং ব্যক্তিগত উদ্যোগেই চলছে এই বিশেষ ক্লাস।
একদিকে শিক্ষার সীমিত সুযোগ, অন্যদিকে দীর্ঘ ছুটিতে পড়াশোনার বিচ্ছিন্নতা—এই পরিস্থিতিতে চিত্তরঞ্জন সরকারের উদ্যোগ স্থানীয় অভিভাবকদের মধ্যেও আশার সঞ্চার করেছে। সন্তানরা বাড়িতে বসে সময় নষ্ট না করে নিয়মিত পড়াশোনার সঙ্গে যুক্ত থাকছে, পাশাপাশি পাচ্ছে শিক্ষকের বিশেষ যত্ন। কোনও প্রচার বা আর্থিক প্রত্যাশা ছাড়াই একজন শিক্ষকের এমন উদ্যোগ আবারও মনে করিয়ে দিচ্ছে, শিক্ষাদান শুধু পেশা নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে সামাজিক দায়িত্বও। স্কুলের ঘণ্টা না বাজলেও দক্ষিণ শান্তিনগনের সেই বারান্দায় প্রতিদিন জ্বলছে শিক্ষার আলো, আর তার নেপথ্যে রয়েছেন এক শিক্ষক—চিত্তরঞ্জন সরকার।