শিলিগুড়ির সব ছট পুজোর পূর্ণাঙ্গ ডেটাবেস তৈরির উদ্যোগ, ডিজে ও শব্দবাজি ব্যবহারে কড়া বার্তা
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি, ১৪ নভেম্বর: ছট পুজোকে সামনে রেখে শিলিগুড়ির বিভিন্ন ঘাটে প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখলেন শিলিগুড়ির বিধায়ক তথা রাজ্যের পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ। শনিবার সকালে তিনি শহরের লালমোহন মৌলিক ঘাট পরিদর্শন করেন। তাঁর সঙ্গে ছিলেন শিলিগুড়ি পুরনিগমের আধিকারিকরা।
পরিদর্শনকালে ঘাটে পুণ্যার্থীদের জন্য কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে, নিরাপত্তার প্রস্তুতি কতটা সম্পন্ন হয়েছে এবং কোথায় আরও পরিকাঠামোগত কাজ প্রয়োজন, তা সরেজমিনে খতিয়ে দেখেন মন্ত্রী। ছট পুজোর দিনগুলিতে বিপুল সংখ্যক মানুষের সমাগমের কথা মাথায় রেখে পুণ্যার্থীদের নিরাপত্তা ও নির্বিঘ্নে পুজো সম্পন্ন করার বিষয়টিতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
পরিদর্শন শেষে শঙ্কর ঘোষ জানান, ছট পুজো সুষ্ঠু ও নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রয়োজনীয় সমস্ত প্রস্তুতি খতিয়ে দেখা হচ্ছে। পুণ্যার্থীদের যাতে কোনও ধরনের অসুবিধার সম্মুখীন হতে না হয়, সে বিষয়ে প্রশাসনকে বিশেষ নজর দিতে বলা হয়েছে।
এ বছর শিলিগুড়ি শহরের সমস্ত ছট পুজোর একটি পূর্ণাঙ্গ ডেটাবেস তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। শহরের কোন কোন এলাকায় ছট পুজোর আয়োজন করা হয়, সেই সংক্রান্ত তথ্য একত্রিত করে এই ডেটাবেস তৈরি করা হবে। এর মাধ্যমে পুজোর আয়োজন ও ব্যবস্থাপনা সম্পর্কে প্রশাসনের কাছে বিস্তারিত তথ্য থাকবে।
পাশাপাশি, ডিজে ও শব্দবাজির ব্যবহার নিয়েও আয়োজকদের সতর্ক করেন পর্যটনমন্ত্রী। তাঁর স্পষ্ট বার্তা, ছট পুজোর নামে কোনওভাবেই ডিজে বাজানো বা শব্দবাজি ব্যবহার করা যাবে না। এ ধরনের কার্যকলাপ বরদাস্ত করা হবে না বলেও জানিয়ে দেন তিনি।