শিলিগুড়ি,২৩ জুলাই : শহরের ইস্টার্ন বাইপাসে প্রতিনিয়ত ঘটে চলেছে সড়ক দুর্ঘটনা। একের পর এক দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন বহু মানুষ, তবুও সচেতনতার অভাব স্পষ্ট সাধারণ নাগরিকদের মধ্যে। হেলমেট ছাড়াই দিব্যি রাস্তায় বাইক চালাতে দেখা যাচ্ছে অনেককে, পাশাপাশি গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহারের প্রবণতাও উদ্বেগজনকভাবে বেড়েছে।
ট্র্যাফিক পুলিশের পক্ষ থেকে বারবার সচেতনতার বার্তা দেওয়া হলেও তার প্রভাব দীর্ঘস্থায়ী হচ্ছে না। কিছু মানুষ সাময়িকভাবে আইন মানলেও কয়েকদিন পরই আবার আগের চেহারায় ফিরে যাচ্ছেন। দুর্ঘটনা ঘটলে সাধারণ মানুষ ট্র্যাফিক পুলিশের দিকেই আঙুল তুললেও নিজেদের দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।
বৃহস্পতিবার প্রতিদিনের মতো ঢাকেশ্বরী মোড়ে আশিঘর ট্র্যাফিক গার্ডের উদ্যোগে বিশেষ অভিযান চালানো হয়। কিন্তু সেখানেও উঠে আসে একই ছবি। ট্র্যাফিক আইন অমান্য করার জন্য একাধিক বাইক আরোহীকে জরিমানা করা হয়। অভিযান চলাকালীন ট্র্যাফিক পুলিশকে নানা অজুহাতও শুনতে হয়—‘বাচ্চাকে স্কুল থেকে আনতে যাচ্ছি’, ‘আমরা লোকাল’, ‘বাড়ি কাছেই’—এই ধরনের কারণ দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেন অনেকেই।
এছাড়াও, ইস্টার্ন বাইপাস সংলগ্ন পকেট রোড ব্যবহার করে অনেক বাইক আরোহী পুলিশি নজরদারি এড়িয়ে যাচ্ছেন বলেও অভিযোগ। পুরো বাইপাস জুড়েই হেলমেটবিহীন বাইক চালকদের দাপট চোখে পড়ছে।
ট্র্যাফিক পুলিশের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে, “হেলমেট পুলিশকে এড়ানোর জন্য নয়, নিজের ও পরিবারের সুরক্ষার জন্য ব্যবহার করুন।” তবুও কবে সাধারণ মানুষ প্রকৃত অর্থে সচেতন হবেন, সেটাই এখন বড় প্রশ্ন।