শিলিগুড়ি, ১২ জুন: মাদকের বিরুদ্ধে আরও কড়া অবস্থান নিল বিজেপি। বৃহস্পতিবার বিজেপির ৭ নম্বর মণ্ডলের উদ্যোগে শিলিগুড়ির ৩৭ নম্বর ওয়ার্ডের চয়নপাড়া ও আমতলা পাইপলাইন এলাকায় ড্রাগ বিরোধী প্রচার ও সচেতনতা অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন বিজেপি নেতা রাজু সরকার ও অমিত পোদ্দার। তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন দলের একাধিক কর্মী ও সমর্থক।
অভিযান চলাকালীন এলাকায় সন্দেহভাজন এক মাদক বিক্রেতাকে হাতেনাতে ধরে ফেলার দাবি করেন বিজেপি কর্মীরা। পরে ওই ব্যক্তিকে আশিঘর ফাঁড়ি পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
বিজেপি নেতৃত্বের অভিযোগ, মাদকের কারবার যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তাই সমাজকে মাদকমুক্ত করতে শুধু প্রশাসনের ওপর নির্ভর না করে রাজনৈতিক ও সামাজিক স্তরেও সচেতনতা গড়ে তোলা জরুরি। সেই লক্ষ্যেই এই ধরনের প্রচার অভিযান ও জনসচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানান নেতারা।
দলীয় নেতৃত্ব আরও জানায়, ভবিষ্যতেও বিভিন্ন এলাকায় ড্রাগ বিরোধী অভিযান চালানো হবে এবং সাধারণ মানুষকে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হবে। মাদকের বিরুদ্ধে রাজনৈতিক ও সামাজিক স্তরে একযোগে লড়াইয়ের বার্তা দিয়েই এদিনের কর্মসূচি শেষ হয়।