তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করলেন বিজেপি সাংসদ Soumitra Khan। রবিবার সকালে নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে একাধিক বিতর্কিত মন্তব্য করেন।
এদিন সকালে নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছালে বিজেপির কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়। দলীয় পতাকা ও স্লোগানের মধ্য দিয়ে সাংসদকে স্বাগত জানান বিজেপি কর্মীরা। এরপর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি গতকাল সোনাপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হওয়া হামলার ঘটনাকে কেন্দ্র করে প্রতিক্রিয়া জানান।
সৌমিত্র খাঁর দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে “গোবর জল দিয়ে স্নান করে শুদ্ধিকরণ করা উচিত”। তাঁর অভিযোগ, ঘটনাটিকে কেন্দ্র করে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনৈতিকভাবে সহানুভূতি আদায়ের চেষ্টা করছেন। তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় যেমন বিভিন্ন সময়ে রাজনৈতিকভাবে বিষয়গুলিকে সামনে এনে প্রচার পেয়েছেন, অভিষেকও সেই পথেই হাঁটতে চাইছেন। তবে তিনি সেইভাবে সফল হতে পারবেন না।”
বিজেপি সাংসদের আরও দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায় নাটক করার চেষ্টা করেছিলেন, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকরা তাঁকে সেই সুযোগ দেননি। তিনি বলেন, তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ অত্যন্ত অনিশ্চিত এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দল কখনও শক্তভাবে দাঁড়াতে পারবে না।
রাজনৈতিক প্রসঙ্গ টেনে তিনি বিরোধী জোট ‘ইন্ডিয়া’কেও কটাক্ষ করেন। ইন্ডিয়া জোটকে তিনি “ইন্ডি-পিন্ডি জোট” বলে উল্লেখ করেন। তাঁর বক্তব্য, “যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন, সেই জোট বেশিদিন টিকবে না। শেষ পর্যন্ত ভেঙে যাবে।”
সৌমিত্র খাঁ এদিন আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও মন্তব্য করেন। তাঁর দাবি, এবারের নির্বাচনে বিজেপি জয়ী না হলে রাজ্যে আরও বেশি খুন, সন্ত্রাস এবং মহিলাদের উপর অত্যাচারের ঘটনা ঘটত। পাশাপাশি তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি পুরনো মন্তব্যের প্রসঙ্গ টেনে বলেন, “অভিষেক বলেছিলেন চার তারিখ ডিজে বাজবে। কিন্তু তার উপর ডিম ছোড়া হয়েছে। গোবর জল ছিটানো উচিত ছিল।”
সৌমিত্র খাঁর এই মন্তব্য ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে। যদিও তাঁর বক্তব্যের প্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। রাজনৈতিক মহলের মতে, এই ধরনের মন্তব্য আগামী দিনে রাজ্যের রাজনৈতিক তরজাকে আরও তীব্র করে তুলতে পারে।