শিলিগুড়ির দক্ষিণ শান্তিনগর এলাকায় এক বিজেপি কর্মীর ওপর হামলার অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ উঠেছে, স্থানীয় পঞ্চায়েতের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে এই হামলার ঘটনা ঘটেছে। যদিও থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে, তবুও এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি আক্রান্তের পরিবারের।
পরিবার সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন আগে পরিকল্পিতভাবে ওই যুবককে বিভিন্ন বেআইনি কাজে যুক্ত হতে চাপ দেওয়া হয়। কিন্তু তিনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করলে তাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনার পর নিউ জলপাইগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও কোনো সুরাহা মেলেনি। উল্টে অভিযুক্তদের পক্ষ থেকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন আক্রান্তের পরিবার।
এমনকি পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। পরিবারের দাবি, ঘটনায় জড়িত থাকা একজনকে গ্রেফতার করা হলেও পরে পঞ্চায়েতের হস্তক্ষেপে তাদের ছেড়ে দেওয়া হয়।
অবশেষে ন্যায়বিচারের আশায় আক্রান্ত বিজেপি কর্মীর মা শিলিগুড়ির সুভাষপল্লী এলাকায় পর্যটন মন্ত্রী তথা বিধায়ক শঙ্কর ঘোষের দ্বারস্থ হন। তিনি মন্ত্রীর কাছে পুরো ঘটনার বিস্তারিত তুলে ধরেন।
এ প্রসঙ্গে মন্ত্রী শঙ্কর ঘোষ জানান, “দোষী যে দলেরই হোক না কেন, কাউকে ছাড়া হবে না। আমি পুলিশ কমিশনারকে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছি। একজন মা তার সন্তানের ছবি নিয়ে এভাবে বিচার চাইতে আসেন, এটা অত্যন্ত দুঃখজনক। দোষীদের অবশ্যই শাস্তি পেতে হবে।”