শিলিগুড়ি,৫ জুন:শিলিগুড়ির অরবিন্দপল্লী এলাকায় ভরদুপুরে আগুন লাগার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। মঙ্গলবার দুপুরে পাল বাড়ির ছাদের একটি ঘরে হঠাৎই আগুন লাগে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় আতঙ্কিত হয়ে পড়েন বাড়ির সদস্যরা ও স্থানীয় বাসিন্দারা।
খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে যায়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
আগুনে একটি ওয়াশিং মেশিন, কিছু মজুত সামগ্রী এবং পুরনো জামাকাপড় পুড়ে যায়। বাড়ির মালিক অভিজিৎ পালের অনুমান, ওয়াশিং মেশিন থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।
এ বিষয়ে স্থানীয় কাউন্সিলর দীপ্ত কর্মকার জানান, প্রাথমিকভাবে বিদ্যুৎ সংযোগজনিত কারণেই আগুন লাগার সম্ভাবনা রয়েছে। তবে দমকলের পক্ষ থেকে পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে।
ঘটনায় কোনো হতাহতের খবর না থাকলেও, হঠাৎ এই আগুন লাগার ঘটনায় এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়।