পাঁচ দেশের ১১টি ক্রীড়াভিত্তিক চলচ্চিত্র প্রদর্শিত হবে
শিলিগুড়ি, নিজস্ব সংবাদদাতা: টানা দ্বিতীয় বছরের জন্য শিলিগুড়িতে শুরু হল ‘ইন্টারন্যাশনাল স্পোর্টস ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া’। শিলিগুড়ি সিনে সোসাইটির উদ্যোগে এবং ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিজ অফ ইন্ডিয়ার সহযোগিতায় আয়োজিত এই উৎসবের উদ্বোধন হয় বুধবার দীনবন্ধু মঞ্চের রামকিঙ্কর হলে।
প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সঞ্জীবন দত্ত রায়, প্রদীপ নাগ, ডা. শঙ্খ সেন-সহ ক্রীড়া ও চলচ্চিত্র জগতের একাধিক বিশিষ্ট ব্যক্তি।
আয়োজকরা জানান, ২৯ জুলাই, ৩০ জুলাই এবং ১ আগস্ট— এই তিন দিনে মোট পাঁচটি দেশের ১১টি ক্রীড়াভিত্তিক চলচ্চিত্র প্রদর্শিত হবে। ভারত, ইরান, বুলগেরিয়া ও আমেরিকাসহ বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসবে স্থান পেয়েছে।
খেলোয়াড়দের সংগ্রাম, সাফল্য, শৃঙ্খলা ও অনুপ্রেরণার গল্প তুলে ধরা হবে এই চলচ্চিত্রগুলির মাধ্যমে। আয়োজকদের মতে, ক্রীড়া ও চলচ্চিত্রের মধ্যে সেতুবন্ধন গড়ে তোলা এবং বিশ্বের বিভিন্ন দেশের ক্রীড়া সংস্কৃতির সঙ্গে দর্শকদের পরিচয় করিয়ে দেওয়াই এই উৎসবের মূল উদ্দেশ্য।