শিলান্যাসের সময় কলাগাছ পুঁতে প্রতিবাদ বাসিন্দাদের, বেহাল রাস্তা ফেলে নির্দিষ্ট ব্যক্তির বাড়ির সামনে কাজের অভিযোগ
ফুলবাড়ি, ২২ নভেম্বর: ফুলবাড়িতে রাস্তা নির্মাণের শিলান্যাসকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল। রবিবার ফুলবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ভালোবাসা মোড়ে পাকা রাস্তা ও নিকাশি নালা নির্মাণের কাজের সূচনা করেন ডাবগ্রাম-ফুলবাড়ির বিধায়িকা শিখা চ্যাটার্জি। শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের উদ্যোগে প্রায় ১৯ লক্ষ টাকা ব্যয়ে এই কাজ হবে। ফিতে কেটে ও নারকেল ফাটিয়ে প্রকল্পের সূচনা করা হয়। উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েতের প্রধান দয়াল রায়-সহ অন্যান্যরা।
একই দিনে ফুলবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব ধনতলা গ্রামেও রাস্তা নির্মাণের কাজ শুরু হয়। ‘জি রাম জি’ প্রকল্পের ১২৫ দিনের কাজের আওতায় পেভার ব্লক দিয়ে রাস্তা তৈরি করা হবে। স্থানীয় পঞ্চায়েত সদস্য উত্তম সরকার ও সমাজসেবী রাজীব সাহা-সহ অন্যান্যরা সেখানে শিলান্যাস করেন।
বেহাল রাস্তা নিয়ে ক্ষোভ, কলাগাছ পুঁতে বিক্ষোভ : তবে ভালোবাসা মোড়ে কাজ শুরু হতেই একাংশ বাসিন্দা বিক্ষোভ দেখান। রাস্তার পাশে কলাগাছ পুঁতে প্রতীকী প্রতিবাদ জানান তাঁরা। বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকার একাধিক রাস্তা বেহাল অবস্থায় পড়ে থাকলেও সেগুলির সংস্কার হচ্ছে না। অথচ নির্দিষ্ট এক ব্যক্তির বাড়ির সামনের রাস্তা তৈরিতে উদ্যোগী হয়েছে প্রশাসন। গৌতম গোস্বামীর প্রসঙ্গ তুলে এক বাসিন্দা দাবি করেন, সাধারণ মানুষের সমস্যার সমাধান না করে এভাবে নির্দিষ্ট ব্যক্তির সুবিধার জন্য কাজ করা হচ্ছে। কোনও রাজনৈতিক দলের হয়ে নয়, সাধারণ মানুষের স্বার্থেই তাঁরা প্রতিবাদ করছেন বলে জানান বিক্ষোভকারীরা।
বিধায়িকার বক্তব্য, চলবে উন্নয়নের কাজ : বিক্ষোভের জেরে কাজ বন্ধ করা নিয়ে দু’পক্ষের মধ্যে বচসা শুরু হয়। একপক্ষের বক্তব্য, প্রকল্পের প্রশাসনিক অনুমোদন আগেই মিলেছে, তাই কাজ বন্ধ করার দাবি যুক্তিসংগত নয়।
অন্যদিকে, বিধায়িকা শিখা চ্যাটার্জি জানান, নতুন সরকার আসার পর বিভিন্ন এলাকায় উন্নয়নমূলক কাজের সূচনা হচ্ছে এবং আগামী দিনেও তা অব্যাহত থাকবে। গত ১৫ বছরে কাজ না হওয়ায় মানুষের মধ্যে ক্ষোভ ও প্রত্যাশা তৈরি হয়েছে। এলাকার বাকি বেহাল রাস্তাগুলির তালিকা তৈরি করে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানোর আশ্বাস দেন তিনি।
নির্দিষ্ট ব্যক্তির বাড়ির সামনের রাস্তা নির্মাণ নিয়ে অভিযোগ প্রসঙ্গে তাঁর বক্তব্য, রাস্তা দিয়ে সব দলের ও সব শ্রেণির মানুষ যাতায়াত করেন। ওই রাস্তার শেষ প্রান্তে একটি দরিদ্র পরিবারের জলনিকাশি ও যাতায়াতের সমস্যা রয়েছে। রাস্তা ও ড্রেন তৈরি হলে সেই সমস্যার সমাধান হবে। পাশাপাশি আগামী দিনে আরও বড় পরিসরে উন্নয়নের কাজ করার আশ্বাসও দেন বিধায়িক।