চুরি যাওয়া সোনা কেনার অভিযোগে গ্রেফতার জুয়েলার্স মালিকও, দলীয় পদ থেকে অব্যাহতি নয়নকে
শিলিগুড়ি, ২১ নভেম্বর: সোনা চুরির ঘটনায় নাম জড়াল ডাবগ্রাম-ফুলবাড়ির বিজেপির যুব নেতা নয়ন সরকারের। এই ঘটনায় ডাবগ্রাম-ফুলবাড়ি ৩ নম্বর মণ্ডলের বিজেপি যুব মোর্চার সম্পাদক নয়ন সরকার-সহ দু’জনকে গ্রেফতার করেছে নিউ জলপাইগুড়ি (এনজেপি) থানার পুলিশ। অভিযোগ, এক নাবালককে সঙ্গে নিয়ে সোনা-সহ লক্ষাধিক টাকার চুরির ঘটনায় জড়িত ছিলেন তাঁরা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, চুরির অভিযোগ দায়ের হওয়ার পর তদন্তে নামে এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ। তদন্তের সূত্র ধরে অভিযান চালিয়ে নয়ন সরকার-সহ দু’জনকে গ্রেফতার করা হয়। ধৃতদের জিজ্ঞাসাবাদে চুরি যাওয়া সোনা কেনার অভিযোগে ভেনাস মোড়ের গঙ্গা জুয়েলার্সের মালিক আয়ন মাইতিকেও গ্রেফতার করে পুলিশ। তিনি পূর্ব চয়নপাড়ার বাসিন্দা বলে জানা গিয়েছে।
শনিবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়। তাঁদের আরও জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে।
এদিকে, নয়ন সরকারের গ্রেফতারির পরই তাঁকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। সাম্প্রতিক সময়ে বিজেপির একাধিক নেতার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ ওঠা এবং দলীয় পদক্ষেপের প্রসঙ্গও নতুন করে আলোচনায় এসেছে।
এদিন এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে বিজেপি নেতা সৌরভ সরকার বলেন, দলের ঊর্ধ্বে কেউ নন। বিজেপি কোনওভাবেই তৃণমূলের সংস্কৃতি বা রীতিনীতি অনুসরণ করবে না। যাঁদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ উঠছে, তাঁদের বিরুদ্ধে দল কঠোর পদক্ষেপ করবে। তাঁর কথায়, অভিযোগের বিচার আদালত করবে, তবে তদন্ত ও বিচারপ্রক্রিয়া চলাকালীন অভিযুক্তদের দলীয় দায়িত্ব থেকে সরিয়ে রাখা হচ্ছে।
সৌরভের আরও দাবি, দলের মধ্যে অনুপ্রবেশকারী বা ‘বেনোজল’ চিহ্নিত করে সংগঠনকে পরিচ্ছন্ন রাখার কাজ চলছে। এ ধরনের ঘটনা যাতে বিজেপি বা যুব মোর্চার সংগঠনে ছড়িয়ে না পড়ে, সে জন্য শিলিগুড়ির কয়েকটি মণ্ডলে পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। দলের পুরনো কর্মীদের এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে কোনও সম্পর্ক নেই বলেও দাবি করেন তিনি।