শিলিগুড়ি, ২০ নভেম্বর: শহরের ক্রীড়া পরিকাঠামোর উন্নয়ন এবং খেলাধুলার প্রসারে উদ্যোগী হলেন পর্যটনমন্ত্রী তথা শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। শুক্রবার তিনি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম ও ইন্ডোর স্টেডিয়াম পরিদর্শন করেন। এদিনের পরিদর্শনে স্টেডিয়াম দুটির অসমাপ্ত কাজ দ্রুত শেষ করা, ক্রীড়া সংস্থাগুলির স্থায়ী কার্যালয়ের ব্যবস্থা এবং নতুন প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলার বিষয়গুলি উঠে আসে।
ইন্ডোর স্টেডিয়ামে নতুন ক্রীড়া পরিকাঠামো তৈরির পাশাপাশি ব্যাডমিন্টন প্রশিক্ষণ ফের চালু করার প্রস্তাব নিয়ে আলোচনা হয়। এছাড়া দাবা প্রশিক্ষণ অ্যাকাডেমি গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে। খো খো ও কাবাডির মতো খেলার সঙ্গে যুক্ত সংস্থাগুলির জন্য স্থায়ী দপ্তরের ব্যবস্থা করার বিষয়টিও গুরুত্ব পায়। শিলিগুড়ি পুরনিগমের তত্ত্বাবধানে এই প্রকল্পগুলি বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে।
অন্যদিকে, কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের সংস্কারকাজের অগ্রগতিও খতিয়ে দেখেন মন্ত্রী। নির্ধারিত সূচি অনুযায়ী, ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে পুনর্নবীকরণের কাজ শেষ করে স্টেডিয়াম হস্তান্তরের কথা থাকলেও এখনও তা সম্পূর্ণ হয়নি। এদিন স্টেডিয়াম পরিদর্শনের পর বাকি কাজ দ্রুত শেষ করার আশ্বাস দেন শঙ্কর ঘোষ। পাশাপাশি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশও দেন তিনি।
শহরের ক্রীড়া পরিকাঠামোকে আরও উন্নত করে খেলোয়াড়দের প্রশিক্ষণ ও অনুশীলনের সুযোগ বাড়ানোই এই উদ্যোগের মূল লক্ষ্য বলে জানা গিয়েছে।