শিলিগুড়ি, ২০ নভেম্বর: তিনবাত্তি মোড়ে ট্রাক চালককে মারধর ও তোলাবাজির মামলায় আরও একজনকে গ্রেফতার করল নিউ জলপাইগুড়ি থানা। এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল তিন। তবে ঘটনার মূল অভিযুক্ত এখনও অধরা।
পুলিশ সূত্রে খবর, এই মামলায় প্রথমে অভিজিৎ সিংহ ও সুরজিৎ সিংহকে গ্রেফতার করে আদালতে তোলা হয়েছিল। পরে তাঁদের তিন দিনের পুলিশি হেফাজতে নিয়ে জেরা শুরু করেন তদন্তকারীরা। সেই জিজ্ঞাসাবাদের সূত্র ধরেই বৃহস্পতিবার জ্যোতির্ময় কলোনি এলাকা থেকে শুভাশীষ রায় ওরফে বিশালকে গ্রেফতার করা হয়।
তদন্তকারীদের দাবি, তিনজন ধরা পড়লেও মূল অভিযুক্তের খোঁজ মেলেনি। তার খোঁজে বিভিন্ন এলাকায় তল্লাশি চলছে। ধৃত তিনজনকে শুক্রবার জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়েছে। ঘটনার তদন্ত জারি রেখেছে পুলিশ।