শিলিগুড়ি, ২০ নভেম্বর: কাজ শেষে বাড়ি ফেরার পথে এক মহিলার ব্যাগ ছিনতাইয়ের অভিযোগ পাওয়ার দু’ঘণ্টার মধ্যেই এক অভিযুক্তকে গ্রেফতার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের পানিট্যাংকি টাউন আউটপোস্ট। ধৃতের কাছ থেকে ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধার এবং অপরাধে ব্যবহৃত কালো মোটরবাইকটি বাজেয়াপ্ত করা হয়েছে। দ্বিতীয় অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগকারিণী টিলা রুপা ছেত্রী শহরের একটি বেসরকারি হোটেলের রিসেপশনিস্ট। বৃহস্পতিবার রাতে ডিউটি সেরে টোটোয় বাড়ি ফিরছিলেন তিনি। অভিযোগ, তখন থেকেই দুই যুবক তাঁর উপর নজর রাখছিল। পানিট্যাংকি ট্রাফিক আউটপোস্টের কাছে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম এলাকায় টোটো পৌঁছলে কালো মোটরবাইকে চেপে আসা দুই দুষ্কৃতী চলন্ত টোটোর ভিতরে হাত ঢুকিয়ে তাঁর ব্যাগ ছিনিয়ে চম্পট দেয়।
ওই ব্যাগে প্রায় সাত হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিল বলে অভিযোগ। আকস্মিক এই ঘটনায় দিশেহারা হয়ে পড়লেও পরবর্তীতে পানিট্যাংকি টাউন আউটপোস্টে লিখিত অভিযোগ দায়ের করেন ওই মহিলা।
অভিযোগের ভিত্তিতে তৎপর হয়ে তদন্ত শুরু করে পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পাশাপাশি গোপন সূত্রে খবর পেয়ে বিধান মার্কেট এলাকায় অভিযান চালানো হয়। সেখান থেকেই ২৪ বছর বয়সি রাকেশ গোস্বামীকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে, ধৃতের কাছ থেকে ছিনতাই হওয়া মোবাইলটি উদ্ধার এবং বাইকটি বাজেয়াপ্ত করা হয়েছে। রাকেশের আদি বাড়ি কোচবিহারের তুফানগঞ্জে হলেও গত সাত-আট বছর ধরে সে শিলিগুড়ির হায়দরপাড়া এলাকায় একাই ভাড়া থাকত। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে বাকি টাকা উদ্ধার ও পলাতক সঙ্গীর খোঁজ চলছে।