ফুলবাড়িতে প্রতারণার অভিযোগে আটক ব্যক্তি
শিলিগুড়ি: চাকরি, ফ্ল্যাট ও ব্যবসায়িক কাজ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে একাধিক ব্যক্তির কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দিলেন স্থানীয় বাসিন্দারা। শনিবার শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ির পূর্ব ধনতলা এলাকায় ঘটনাটি ঘিরে চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে থানায় নিয়ে যায়।
স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত ব্যক্তি কখনও নিজেকে সাংবাদিক, কখনও চলচ্চিত্র প্রযোজক, আবার কখনও বড় ব্যবসায়ী হিসেবে পরিচয় দিতেন। বিভিন্ন সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত থাকার দাবির পাশাপাশি নিজের গাড়িতে প্রেসের স্টিকার ব্যবহার করতেন বলেও অভিযোগ। তাঁর কাছে একাধিক পরিচয়পত্র ও প্রেস কার্ড থাকার দাবি করেছেন বাসিন্দারা।
অভিযোগকারীদের দাবি, ইন্ডিয়ান অয়েলে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে এক মহিলার কাছ থেকে ৬০ হাজার টাকা নেওয়া হয়েছিল। অন্যদিকে, ফ্ল্যাট তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এক ব্যক্তির কাছ থেকে প্রায় ৭৫ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে।
ব্যাংক অ্যাকাউন্টে ৪৩ লক্ষ টাকার লেনদেন : স্থানীয় বাসিন্দা শিবু সরকারের অভিযোগ, অভিযুক্তের গাড়িচালক হিসেবে কাজ করার সময় বেতন দেওয়ার কথা বলে তাঁর ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করা হয়। পরে কলকাতা পুলিশের নোটিস পেয়ে তিনি জানতে পারেন, ওই অ্যাকাউন্টে প্রায় ৪৩ লক্ষ টাকার লেনদেন হয়েছে। এ বিষয়ে আগে কিছুই জানতেন না বলে তাঁর দাবি।
অন্যদিকে, সুজয় বিশ্বাসের অভিযোগ, তাঁর নামে মোটরবাইক ফাইন্যান্স করিয়ে সেটি নিয়ে চলে যান অভিযুক্ত। এখনও বাইকের মালিকানা পরিবর্তন করা হয়নি। আর্থিক লেনদেনের জেরে তাঁর ব্যাংক অ্যাকাউন্টের কিছু টাকাও আটকে রয়েছে বলে জানান তিনি।
স্থানীয়দের দাবি, শিলিগুড়ি ও পার্শ্ববর্তী এলাকায় অন্তত সাত-আটজন এই প্রতারণার শিকার হয়েছেন। ব্যবসায়ী, হোটেল মালিক ও অন্যান্য পেশার মানুষের কাছ থেকেও বিভিন্ন অজুহাতে টাকা ও সামগ্রী নেওয়ার অভিযোগ উঠেছে। সব মিলিয়ে প্রতারণার অঙ্ক প্রায় দুই কোটি টাকা হতে পারে বলে দাবি বাসিন্দাদের। যদিও এই হিসাবের সত্যতা এখনও যাচাই হয়নি।
অন্যদিকে, অভিযুক্ত নিজেকে ‘আরিয়ান দেব’ বলে পরিচয় দিয়ে সাংবাদিকতার সঙ্গে যুক্ত থাকার দাবি করেছেন। তাঁর বক্তব্য, আর্থিক প্রতারণার বিষয়টি আদালতে বিচারাধীন। শিবু সরকারের ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহারের কথা স্বীকার করলেও তিনি ওই ব্যক্তির সঙ্গে কাজ করতেন বলে দাবি করেন।