শিলিগুড়ি:-রাজ্যে দ্বিতীয় দফা বিধানসভা নির্বাচনের প্রাক্কালে শিলিগুড়িতে জাল নোট উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।মাটিগাড়া এলাকার হিমাচল বিহার এপিসি কলেজের সামনে থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।ধৃত শিবাজী গুপ্তা,সে সিকিমের জোড়থ্যাংয়ের বাসিন্দা বলে জানা গেছে।গোপন সূত্রে খবর পেয়ে মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশ মঙ্গলবার অভিযান চালায়।অভিযানে সন্দেহভাজন ওই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে ২০০টাকা নোটের টোটাল ৫০হাজার ৪০০টাকার জাল নোট উদ্ধার হয়।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান,উদ্ধার হওয়া জাল নোটগুলি মালদা থেকে সিকিমে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।ঘটনার পরই অভিযুক্তকে গ্রেপ্তার করে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।বুধবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে ও পুলিশ হেফাজতের আবেদন জানানো হবে বলে মাটিগাড়া থানার পুলিশ সূত্রে খবর।এই জাল নোট চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা,তা খতিয়ে দেখছে পুলিশ।