মাটিগাড়া হাট থেকে চম্পাসারি বাজার পর্যন্ত অভিযান, মূল্যবৃদ্ধি ও কালোবাজারির ওপর নজরদারি
শিলিগুড়ি (নিজস্ব সংবাদদাতা): সাধারণ মানুষকে মূল্যবৃদ্ধির হাত থেকে স্বস্তি দিতে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম স্বাভাবিক রাখার লক্ষ্যে মুখ্যমন্ত্রীর নির্দেশের পর শিলিগুড়ির বিভিন্ন বাজারে পুলিশ ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চের নজরদারি বাড়ানো হয়েছে।
মঙ্গলবার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ এবং এনফোর্সমেন্ট ব্রাঞ্চের যৌথ দল বাজার পরিদর্শন অভিযান চালায়। মাটিগাড়া হাট থেকে চম্পাসারি সবজি বাজার পর্যন্ত এই অভিযান চলে।
এদিন এসডিও থেকে শুরু করে ডিসিপির নেতৃত্বে পুলিশ, প্রশাসন এবং এনফোর্সমেন্ট ব্রাঞ্চের যৌথ দল বিভিন্ন বাজার ঘুরে দোকানে দোকানে গিয়ে পণ্যের দাম পরীক্ষা করে। বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম এবং মজুতের তথ্যও সংগ্রহ করা হয়।
মূলত বর্তমানে চাল ও চিনির বাড়তে থাকা দামের ওপর বিশেষ নজর দেওয়া হয়। ব্যবসায়ীরা অতিরিক্ত দামে পণ্য বিক্রি করে মুনাফা করছেন কি না, বাজারে কোনও ধরনের কালোবাজারি চলছে কি না, তাও খতিয়ে দেখা হয়।
এর পাশাপাশি দৈনন্দিন জীবনে ব্যবহৃত খাদ্যসামগ্রী, শাক-সবজি, ফল এবং অন্যান্য প্রয়োজনীয় পণ্যের দামও পরীক্ষা করা হয়। এসব পণ্যের দাম কৃত্রিমভাবে বাড়িয়ে ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত মূল্য নেওয়া হচ্ছে কি না, তা জানার চেষ্টা করেন আধিকারিকরা।
অভিযানের সময় ব্যবসায়ীদের স্পষ্ট নির্দেশ দেওয়া হয়, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্বাভাবিক এবং নির্ধারিত পর্যায়ে রাখতে হবে। কোনও ধরনের কালোবাজারি বা অযৌক্তিক মূল্যবৃদ্ধি করা যাবে না।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ মানুষকে মূল্যবৃদ্ধির হাত থেকে স্বস্তি দিতে এবং বাজারে প্রয়োজনীয় সামগ্রীর দাম নিয়ন্ত্রণে রাখতে এই অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে।