শিলিগুড়ি (নিজস্ব সংবাদদাতা)। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সুবিধা প্রকৃত যোগ্য মহিলাদের দেওয়ার দাবিতে মঙ্গলবার পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক মহিলা সমিতির দার্জিলিং জেলা কমিটির পক্ষ থেকে শিলিগুড়ি পুরনিগমের সামনে বিক্ষোভ দেখানো হয়।
সংগঠনের দার্জিলিং জেলা সম্পাদক তানিয়া দে-র নেতৃত্বে মহিলা কর্মীরা বাঘাযতীন পার্কের সামনে জমায়েত হন। সেখান থেকে মিছিল করে তাঁরা পুরনিগমের কার্যালয়ের সামনে পৌঁছন এবং বিক্ষোভ প্রদর্শন করেন। পরে মহিলা সংগঠনের একটি প্রতিনিধি দল পুরনিগমের আধিকারিকদের সঙ্গে দেখা করে তাঁদের দাবিসংবলিত স্মারকলিপি জমা দেয়।
বিক্ষোভ চলাকালীন তানিয়া দে অভিযোগ করেন, সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে প্রায় এক কোটি ২৫ লক্ষ মহিলা অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন। কিন্তু বাস্তব পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। তাঁর দাবি, এমন বহু মহিলা রয়েছেন, যাঁরা প্রকল্পের সমস্ত যোগ্যতা পূরণ করলেও এখনও পর্যন্ত এর সুবিধা পাননি।
অন্যদিকে, আর্থিকভাবে সক্ষম এবং অন্যান্য সরকারি সুযোগ-সুবিধা পাওয়া কিছু মানুষও অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন বলে অভিযোগ করেন তিনি।
তানিয়া দে প্রশ্ন তোলেন, যদি প্রকৃত যোগ্য মহিলারা প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হন এবং অযোগ্য ব্যক্তিরা সুবিধা পান, তাহলে যোগ্যতা নির্ধারণ করছেন কারা?
প্রশাসনের কাছে গোটা বিষয়টি তদন্ত করে প্রকৃত যোগ্য মহিলাদের অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সুবিধা নিশ্চিত করার দাবি জানিয়েছে মহিলা সংগঠন।