শিলিগুড়ি (নিজস্ব সংবাদদাতা)। নবান্নে মঙ্গলবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে পর্যটন দফতরের আধিকারিকদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা, মুখ্যসচিব, অর্থসচিব-সহ রাজ্য সরকারের একাধিক উচ্চপদস্থ আধিকারিক উপস্থিত ছিলেন।
বৈঠকে মুখ্যমন্ত্রী পর্যটন দফতরের উন্নয়ন ও সম্প্রসারণ নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ পরামর্শ দেন। পর্যটন দফতরের অধীনে থাকা সমস্ত ধরনের সম্পত্তির আধুনিকীকরণের উপর জোর দেওয়া হয়। পাশাপাশি রোপওয়ে পরিষেবা চালু করা, রিভার ট্যুরিজমকে আরও উৎসাহিত করা এবং বিভিন্ন সংশ্লিষ্ট দফতরের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার প্রয়োজনীয়তার কথাও বলা হয়।
পর্যটন দফতরে প্রয়োজনীয় কর্মী নিয়োগের পাশাপাশি দফতরের উদ্যোগে নতুন পর্যটনকেন্দ্র গড়ে তোলার উপরও গুরুত্ব দেন মুখ্যমন্ত্রী। এছাড়াও ওয়েডিং ডেস্টিনেশন-সহ পর্যটনের বিভিন্ন নতুন ক্ষেত্রকে উন্নত করার বিষয়ে আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়।
বৈঠকে পর্যটন দফতরের নতুন লোগো উদ্বোধন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী নিজে উপস্থিত থাকবেন বলেও জানান। রাজ্যে পর্যটন ক্ষেত্রের সম্প্রসারণ এবং নতুন পর্যটন সম্ভাবনাকে কাজে লাগানোর ক্ষেত্রে এই বৈঠককে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।