মন্ত্রীর সঙ্গে প্রশাসনিক আধিকারিকদের জমি পরিদর্শন
শিলিগুড়ি (নিজস্ব সংবাদদাতা)। শিলিগুড়ি শহরে স্টেডিয়াম থাকলেও গ্রামীণ এলাকার খেলোয়াড়দের জন্য উন্নত ক্রীড়া পরিকাঠামোর অভাব রয়েছে। এই পরিস্থিতির কথা মাথায় রেখে রাজ্য সরকার এবার নকশালবাড়িতে একটি ইন্ডোর স্টেডিয়াম তৈরির পরিকল্পনা করছে।
এই উদ্যোগের অংশ হিসেবে মঙ্গলবার রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী তথা মাটিগাড়া-নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে নকশালবাড়ির পাটারামজোতে জমি পরিদর্শন করেন। পরিদর্শনের সময় প্রায় দুই একর জমি দেখা হয়। তবে জমির কাগজপত্র এবং বর্তমান পরিস্থিতি যাচাই করার পরই স্টেডিয়াম নির্মাণের জন্য জমিটি চূড়ান্ত করা হবে।
শিলিগুড়ির দেশবন্ধুপাড়ায় ইতিমধ্যেই একটি ইন্ডোর স্টেডিয়াম রয়েছে। সেখানে টেবিল টেনিস অ্যাকাডেমির পাশাপাশি বিভিন্ন সময়ে নানা প্রতিযোগিতার আয়োজন করা হয়। কিন্তু গ্রামীণ এলাকায় এই ধরনের সুযোগ-সুবিধা না থাকায় খেলোয়াড়দের অনুশীলনের জন্য অতিরিক্ত খরচ করে শহরমুখী হতে হয়।
গ্রামীণ এলাকায় বিভিন্ন খেলায় বহু প্রতিভাবান খেলোয়াড় রয়েছেন। তাঁদের মধ্যে অনেকেই রাজ্য ও অন্যান্য স্তরের প্রতিযোগিতায় সোনা ও রুপোর পদকও অর্জন করেছেন।
রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন বলেন, খেলোয়াড়দের স্বার্থে নকশালবাড়ি এলাকায় ইন্ডোর স্টেডিয়াম তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। এলাকায় বহু প্রতিভাবান খেলোয়াড় থাকলেও অনুশীলনের পর্যাপ্ত সুযোগ-সুবিধা না থাকায় তাঁদের সমস্যায় পড়তে হয়।
তিনি জানান, রাজ্য সরকার ক্ষমতায় আসার পর থেকেই ক্রীড়া পরিকাঠামোর উন্নয়নের উপর জোর দিয়েছে। ইন্ডোর স্টেডিয়ামের জন্য প্রায় এক একর জমিই যথেষ্ট। তবে পাটারামজোতে প্রায় দুই একর জমি রয়েছে। অতিরিক্ত জমি ভবিষ্যতে খেলোয়াড়দের জন্য হস্টেল তৈরির কাজে ব্যবহার করা যেতে পারে।
ইন্ডোর স্টেডিয়াম তৈরি হলে গ্রামীণ এলাকার খেলোয়াড়রা নিজেদের এলাকাতেই উন্নত অনুশীলনের সুযোগ পাবেন। এর ফলে তাঁদের প্রতিভা বিকাশের পাশাপাশি ভবিষ্যতে আরও বড় প্রতিযোগিতায় সাফল্য পাওয়ার সুযোগ তৈরি হবে।