শিলিগুড়ি, ২৪ আগস্ট: কোচবিহারে এক চিকিৎসকের বাড়ি থেকে সোনা চুরির ঘটনায় তদন্তে নেমে শিলিগুড়ির নরেশ মোড় এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম সুমন মণ্ডল।
পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি কোচবিহারে এক চিকিৎসকের বাড়ি থেকে বেশ কিছু সোনার গয়না চুরি যায়। ঘটনায় চিকিৎসকের পক্ষ থেকে কোচবিহার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে কোচবিহার থানার পুলিশ। তদন্তে নেমে পুলিশ প্রথমে এই চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে কোচবিহার থেকে দু’জনকে গ্রেফতার করে।
ধৃতদের জিজ্ঞাসাবাদ এবং পরবর্তী তদন্তে চোরাই সোনা কোথায় বিক্রি করা হয়েছে বা কার কাছে পৌঁছেছে, সেই বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসে বলে জানা গিয়েছে। তদন্তের সূত্র ধরেই শিলিগুড়ির আশিঘর ফাঁড়ির নরেশ মোড় এলাকার একটি জুয়েলারি দোকানের নাম পুলিশের সামনে আসে।
পুলিশের দাবি, ওই দোকানের সঙ্গে যুক্ত সুমন মণ্ডল চোরাই সোনা সংগ্রহ করে তা বিক্রির সঙ্গে যুক্ত ছিলেন বলে তদন্তে তথ্য পাওয়া যায়। এরপর কোচবিহার থানার পুলিশ আশিঘর ফাঁড়ির পুলিশের সহযোগিতা নিয়ে সোমবার ওই এলাকায় অভিযান চালায়।
অভিযান চালিয়ে সুমন মণ্ডলকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের পর তাঁকে কোচবিহারে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে। চোরাই সোনা কেনাবেচার গোটা চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, সে বিষয়েও তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, ধৃত সুমন মণ্ডলকে আগামীকাল কোচবিহার আদালতে পেশ করা হবে । তাঁকে জিজ্ঞাসাবাদ করে চুরি যাওয়া সোনা কোথায় গিয়েছিল এবং এই ঘটনায় আরও কারা জড়িত রয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা চালাচ্ছে তদন্তকারী পুলিশ।