শিলিগুড়ি,১৫ জুলাই: গ্ল্যামার জগতে পা রাখার স্বপ্ন দেখিয়ে মালদার দুই কিশোরীকে ফাঁদে ফেলার অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ পাচারচক্রের বিরুদ্ধে। মঙ্গলবার বাড়ি ছেড়ে শিলিগুড়ির উদ্দেশে রওনা দেয় ষষ্ঠ শ্রেণির ওই দুই ছাত্রী। তাদের বিশ্বাস করানো হয়েছিল, শিলিগুড়িতে পৌঁছলেই ব্যবস্থা করে দেওয়া হবে দক্ষিণ কোরিয়ায় যাওয়ার।
তবে তৎপর পুলিশ প্রশাসনের উদ্যোগে বড়সড় বিপদ এড়ানো সম্ভব হয়। পরিবারের পক্ষ থেকে নিখোঁজের অভিযোগ জানানো হলে বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। খবর পৌঁছয় শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের কাছেও। সঙ্গে সঙ্গে বিভিন্ন থানাকে সতর্ক করা হয় এবং নজরদারি বাড়ানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে খবর মেলে যে নির্দিষ্ট একটি বাসে করে দুই কিশোরী শিলিগুড়ির দিকে আসছে। তেনজিং নোরগে বাস টার্মিনালে পৌঁছনোর আগেই নৌকাঘাট এলাকায় বাসে উঠে পুলিশ তাদের শনাক্ত করে উদ্ধার করে।
উদ্ধারের পর দুই কিশোরীকে এনজেপি থানার মহিলা হেল্প ডেস্কে রাখা হয়। রাত প্রায় পৌনে ১১টা নাগাদ এক কিশোরীর বাবা থানায় পৌঁছন। এদিন মালদার বিজেপি নেত্রী ও প্রাক্তন বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরীও থানায় এসে কিশোরীদের সঙ্গে কথা বলেন। পরিবারের সদস্যরা মেয়েদের নিরাপদে ফিরে পাওয়ায় পুলিশ ও প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রাথমিক তদন্তে উঠে এসেছে, গত প্রায় সাত মাস ধরে মোবাইল ফোনের মাধ্যমে নানা প্রলোভন দেখিয়ে কিশোরীদের প্রভাবিত করা হচ্ছিল। পুলিশের অনুমান, দক্ষিণ কোরিয়া যাওয়ার কথা বলা হলেও সেটি ছিল ভুয়ো। প্রথমে আলিপুরদুয়ার নিয়ে গিয়ে সেখান থেকে ভুটান হয়ে অন্যত্র পাচারের ছক ছিল।
পুরো ঘটনার নেপথ্যে একটি বড়সড় পাচারচক্র সক্রিয় থাকতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা। ইতিমধ্যেই চক্রের সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে তদন্ত শুরু হয়েছে।