বাঘাযতীন পার্কে খাবারের দোকানে আগুন, অল্পের জন্য বড় বিপদ এড়াল
শিলিগুড়ি, ২২ আগস্ট: শিলিগুড়ির বাঘাযতীন পার্ক এলাকায় একটি খাবারের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনায় শনিবার দুপুরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আচমকাই দোকান থেকে আগুনের শিখা ও ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ায় দোকানে থাকা কর্মী ও গ্রাহকদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। পরিস্থিতি বুঝতে পেরে দ্রুত সকলেই দোকান থেকে বাইরে বেরিয়ে আসেন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। দ্রুততার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করেন দমকলকর্মীরা। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। ফলে বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়।
দমকল সূত্রে প্রাথমিকভাবে জানা গিয়েছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুন লাগতে পারে। তবে আগুন লাগার প্রকৃত কারণ জানতে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে, স্থানীয় এক ব্যবসায়ীর অভিযোগ, ওই খাবারের দোকানে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না। এমনকি অগ্নিনির্বাপক যন্ত্রও ছিল না বলে অভিযোগ। পাশাপাশি দোকানে কমার্শিয়াল গ্যাস সিলিন্ডার ব্যবহার করা হচ্ছিল বলেও দাবি করা হয়েছে। আগুনের সঙ্গে গ্যাস সিলিন্ডারের উপস্থিতি থাকায় পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠতে পারত বলে আশঙ্কা স্থানীয়দের।
তবে দ্রুত দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে ফের প্রশ্ন উঠেছে শহরের খাবারের দোকানগুলিতে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা কতটা কার্যকর এবং নিয়ম মেনে গ্যাস ও বৈদ্যুতিক সংযোগ ব্যবহার করা হচ্ছে কি না, তা নিয়ে।