তিস্তা-তোর্সা এক্সপ্রেসে ২৪.৭ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার দুই যাত্রী
শিলিগুড়ি, ২২ আগস্ট: তিস্তা-তোর্সা এক্সপ্রেসে বিপুল পরিমাণ গাঁজা পাচারের অভিযোগে দুই যাত্রীকে গ্রেফতার করল শিলিগুড়ি জিআরপি। শিলিগুড়ি জিআরপির SOG এবং এনজেপি জিআরপির সাদা পোশাকের পুলিশের যৌথ অভিযানে ডাউন তিস্তা-তোর্সা এক্সপ্রেসের এসি A1 কামরা থেকে উদ্ধার হয়েছে মোট ২৪ কেজি ৭০০ গ্রাম গাঁজা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম সোমনাথ সাহা (৩৫), বাড়ি নবদ্বীপে এবং রূপালি রায় (৩১), শিলিগুড়ির ভক্তিনগরের সাউডাঙ্গী হাট এলাকার বাসিন্দা। তদন্তকারীদের দাবি, দু’জনেই ধুপগুড়ি থেকে ট্রেনে উঠেছিলেন এবং নবদ্বীপের দিকে যাওয়ার কথা ছিল।
গোপন সূত্রে ট্রেনে গাঁজা পাচারের খবর পেয়ে অভিযানে নামে শিলিগুড়ি জিআরপির SOG টিম এবং এনজেপি জিআরপির সাদা পোশাকের পুলিশ। নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে A1 কামরায় তল্লাশি চালিয়ে প্রথমে দু’জনকে আটক করা হয়। এরপর তাঁদের সঙ্গে থাকা দুটি পিঠব্যাগ ও একটি লাগেজ ব্যাগে তল্লাশি চালাতেই উদ্ধার হয় বিপুল পরিমাণ গাঁজা।
উদ্ধার হওয়া মাদকের বাজারমূল্য কয়েক লক্ষ টাকা বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। পুলিশের অনুমান, পাচারের উদ্দেশ্যেই ওই বিপুল পরিমাণ গাঁজা নিয়ে তাঁরা ট্রেনে যাত্রা করছিলেন। তবে কোথা থেকে গাঁজা সংগ্রহ করা হয়েছিল এবং কোথায় তা পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল, তা জানতে তদন্ত শুরু হয়েছে।
ধৃতদের বিরুদ্ধে NDPS আইনে মামলা রুজু করা হয়েছে। এই পাচারের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এনজেপি জিআরপি সূত্রে জানা গিয়েছে, ধৃত দু’জনকে জলপাইগুড়ি আদালতে পেশ করে পুলিশ রিমান্ডের আবেদন জানানো হবে।