শিলিগুড়ি, ২৬ নভেম্বর: : ক্রমবর্ধমান শহরাঞ্চল ও গ্রাহকদের হাতের নাগালে পরিষেবা পৌঁছে দিতে শিলিগুড়ির দেবীডাঙায় নতুন শাখা চালু করল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (এসবিআই)। কলকাতা থেকে ভার্চুয়ালি শাখাটির উদ্বোধন করেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর (রিটেইল) শ্রী আমারামোহন রাও। উত্তরবঙ্গ ও সংলগ্ন পার্বত্য এলাকায় ব্যাংকের উপস্থিতি আরও জোরদার করতেই এই সম্প্রসারণ বলে জানিয়েছেন ব্যাংক কর্তৃপক্ষ।
ব্যাংক সূত্রে জানা গেছে, উত্তরবঙ্গজুড়ে মোট তিনটি নতুন শাখা খোলা হচ্ছে। এর মধ্যে রয়েছে মালদার শাহপুর ও শিলিগুড়ির দেবীডাঙা শাখা; পাশাপাশি সিকিমেও সিক্কে ব্রাঞ্চ চালু করা হচ্ছে। শিলিগুড়ির দেবীডাঙা অঞ্চল দ্রুত সম্প্রসারিত হওয়ায় স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের সুবিধার্থেই সেখানে নতুন শাখা খোলা হয়েছে।
নতুন শাখাগুলোর কর্মপরিকল্পনা প্রসঙ্গে উত্তরবঙ্গ ও সিকিমের জোনাল হেড, ডেপুটি জেনারেল ম্যানেজার প্রশান্ত কুমার সিং জানান, ‘প্রজেক্ট সরল’-এর আওতায় গ্রাহকদের এখন আর নির্দিষ্ট হোম ব্রাঞ্চে সীমাবদ্ধ থাকতে হচ্ছে না; যেকোনো শাখা থেকেই সব ধরনের লেনদেন করা সম্ভব। হোয়াটসঅ্যাপ ব্যাংকিং ও ইউনো-র মতো ডিজিটাল মাধ্যমে দৈনন্দিন লেনদেন সহজ হওয়ায় নতুন শাখাগুলোতে গ্রাহক সম্পর্ক গড়ে তোলা এবং সঠিক আর্থিক পরামর্শ দেওয়ার ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। ব্যাংকের বিশেষজ্ঞ কর্মীরা গ্রাহকের প্রয়োজন অনুযায়ী সঠিক আর্থিক পণ্য ও পরিষেবা বেছে নিতে সহায়তা করবেন।
এলাকার গ্রাহকদের জন্য আগামী এক মাস বিশেষ অভিযান চালানোর ঘোষণাও দিয়েছে এসবিআই। এ প্রসঙ্গে প্রশান্ত কুমার সিং বলেন, “আগে অ্যাকাউন্ট খুলতে অনেক দূরে যেতে হতো। সামনের পুরো মাসে আমরা একটি বিশেষ ড্রাইভ চালাব, যাতে গ্রাহকেরা বাড়িতে বসেই অ্যাকাউন্ট খুলতে পারেন। ঋণ ও ডিজিটাল ব্যাংকিং সংক্রান্ত সুবিধাও পৌঁছে দেওয়া হবে। উচ্চ আয়ের (এইচএনআই) গ্রাহকদের বাড়িতে গিয়ে কথা বলবেন রিলেশনশিপ ম্যানেজাররা।” তবে সরকারি খাতের ব্যাংক হওয়ায় নির্দিষ্ট কোনো শাখার জন্য আলাদা সুদের হার বা বিশেষ প্রোডাক্ট দেওয়ার নীতি নেই বলেও তিনি স্পষ্ট করেন।
ডিজিটাল লেনদেন বাড়ার সঙ্গে সঙ্গে অনলাইন প্রতারণার ঝুঁকি মোকাবিলায় সচেতনতাকেই সবচেয়ে বড় হাতিয়ার বলে মনে করছেন ব্যাংক আধিকারিকেরা। পাসওয়ার্ড বা মোবাইল ওটিপি কারও সঙ্গে ভাগ না করার পরামর্শ দিয়ে তিনি জানান, গোটা পশ্চিমবঙ্গে স্যাচুরেশন ক্যাম্পের মাধ্যমে ক্ষুদ্র গ্রাহকদের ডিজিটাল প্রতারণা থেকে সুরক্ষিত থাকার উপায় জানানো হচ্ছে। এ ক্ষেত্রে সংবাদমাধ্যমের ভূমিকাও গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।
এটিএম ও ক্যাশ ডিপোজিট মেশিনে নগদ তোলা ও জমা করার সমস্যার সমাধান নিয়েও কথা বলেন জোনাল হেড। তাঁর বক্তব্য অনুযায়ী, ডিজিটাল লেনদেন বাড়ায় নগদ তোলার চেয়ে জমা করার প্রবণতা বেড়েছে। তাই পুরনো মেশিন বদলে ডাবল টেকনোলজি বা যৌথ সিডিএম-এটিএম মেশিন বসানো হচ্ছে। এতে একই মেশিনে টাকা জমা ও তোলা যাবে এবং গ্রাহকের জমা করা কার্যকর নোট থেকেই অন্যদের টাকা তোলার সুবিধা মিলবে।
অনুষ্ঠানে প্রশান্ত কুমার সিং ছাড়াও উপস্থিত ছিলেন শিলিগুড়ির আঞ্চলিক প্রবন্ধক কুমার আশুতোষ, লোন প্রসেসিং সেন্টার (সিপিসি) ও বড় এসএমই শাখাগুলোর অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজারসহ ব্যাংকের অন্যান্য শীর্ষ আধিকারিকেরা।