শিলিগুড়ি: ছটপুজো সমাপ্ত হওয়ার পরেই শিলিগুড়ির হরিয়ম ঘাটে শুরু হয়েছে ব্যাপক পরিচ্ছন্নতা ও সাফাই অভিযান। উৎসবের আমেজ কাটতে না কাটতেই ঘাটে জমে ওঠা প্লাস্টিক, ফুল ও নানা বর্জ্য পরিষ্কার করতে কোমর বেঁধে নেমেছে হরিয়ম ঘাট কমিটি। ‘হাসমি কেয়ার’-এর সহযোগিতায় আয়োজিত এই পরিচ্ছন্নতা অভিযানে ঘাটের চারপাশ প্লাস্টিক ও জঞ্জালমুক্ত করা হয়।
উৎসবের ঠিক পরপরই ঘাট চত্বরের বর্জ্য অপসারণের প্রয়োজনীয়তা তুলে ধরে সংবাদমাধ্যমের মুখোমুখি হন হরিয়ম ঘাট কমিটির সদস্যরা।
এ বিষয়ে হরিয়ম ঘাট কমিটির সদস্য মহেশ সা বলেন, “ছটপুজো আমাদের প্রকৃতি পূজার একটি অঙ্গ। আমরা কখনওই প্রকৃতির শত্রু হতে পারি না। ছটপুজায় নদীকে আমরা দূষিত করি না, বরং বছরভর নদীকে পরিষ্কার ও সুন্দর রাখার বার্তা দিই। নদী আমাদের কাছে মায়ের মতো।”
বিহারি সেবা সমিতির সভাপতি তথা হরিয়ম ঘাটের সদস্য শংকর গুপ্তা বলেন, “অনেকেই ছটপুজোর সময় নদী দূষণের অভিযোগ তোলেন, যা সঠিক নয়। বছরের অন্য সময় নদীর যে জীর্ণ দশা থাকে, ছটপুজোর সময় আমরা অন্তত সেই ঘাট ও নদী পরিষ্কার করার সুযোগ পাই। এই সাফাই কাজ ঘাটে নিয়মিত করা হয়। যদি পুরো শহর বা দেশ এই দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়, তবে নদীগুলো কখনই মৃত বা দূষিত হবে না। নদীকে পরিষ্কার রাখা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। পাশাপাশি প্রশাসনও যদি একটু নজর দেয়, তবে নদী কখনই নোংরা হবে না।”
স্থানীয় সচেতন মহলের মতে, ছটপুজোর মতো বড় উৎসবের পর এ ধরনের স্বতঃস্ফূর্ত সাফাই অভিযান পরিবেশ রক্ষায় এক ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করল।