রাজনীতিতে এসে “বিরাট ভুল” করেছেন বলে আক্ষেপ প্রকাশ করলেন আন্তর্জাতিক স্তরে সোনা জয়ী এথলেট তথা সদ্য তৃণমূল কংগ্রেসের রাজগঞ্জের প্রার্থী স্বপ্না বর্মন। ভোটে পরাজয়ের পর তিনি কার্যত একাকীত্বের অভিযোগ তুলে বলেন, “ভোটের আগে কত লোক পাশে থাকার আশ্বাস দিয়েছিল, কিন্তু এখন কাউকেই খুঁজে পাচ্ছি না।”
শনিবার এক আবেগঘন প্রতিক্রিয়ায় স্বপ্না বর্মন বলেন, “ভোটে হেরে গিয়েছি। তাই এখন আমার পাশে কেউ নেই। অথচ কদিন আগেও সবাই বলেছিল, আমরা তোমার পাশে রয়েছি। কিন্তু এখন কেউ নেই। রাজনীতিতে এসে আমার বিরাট ভুল হয়ে গিয়েছে বলেই মনে হচ্ছে।”
এরই মধ্যে নতুন করে চাঞ্চল্য ছড়ায় স্বপ্না বর্মনের বাড়িতে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে। অভিযোগ, তাঁর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়া স্বপ্না বলেন, “আজ আমার বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে।
কিন্তু এদিনও কাউকে পাশে পেলাম না। মনে হচ্ছে রাজনীতিতে এসেছি বলেই এসব হচ্ছে।”
যদিও ঘটনার পর পুলিশ জানায়, যে বাড়িতে আগুন লাগে সেখানে রাতে কেউ থাকতেন না। আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে বলেও দাবি পুলিশের। তবে কীভাবে আগুন লাগল, তা নিয়ে ইতিমধ্যেই তৈরি হয়েছে রহস্য।
ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর চর্চা। ভোট পরবর্তী পরিস্থিতিতে একসময়ের জনপ্রিয় ক্রীড়াবিদের এই মন্তব্য ও ঘটনাকে ঘিরে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।