শিলিগুড়ি, ১৭ মে: সমাজের আর্থিকভাবে পিছিয়ে থাকা জনজাতি সম্প্রদায়ের মানুষের পাশে দাঁড়াতে এক অনন্য মানবিক উদ্যোগ গ্রহণ করল ‘বনবাসী কল্যাণ আশ্রম’–এর উত্তরবঙ্গ শাখা। শিলিগুড়ির সালবাড়িতে অবস্থিত বিরসা শিশু শিক্ষা কেন্দ্র প্রাঙ্গণে সংস্থার উদ্যোগে আয়োজিত হলো বৃহৎ “সামূহিক বিবাহ সংস্কার” অনুষ্ঠান।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, জনজাতি সমাজের আর্থিকভাবে দুর্বল ১০৮টি দম্পতির বিবাহ সামাজিক সহযোগিতার মাধ্যমে সম্পন্ন করা হবে। সম্পূর্ণ প্রথাগত রীতি-নীতি ও সামাজিক সংস্কার মেনেই এই গণবিবাহের আয়োজন করা হয়েছে।
আয়োজকদের বক্তব্য, বর্তমান সময়ে একটি বিবাহ অনুষ্ঠান সম্পন্ন করতে বহু পরিবারকে আর্থিক সমস্যার মুখোমুখি হতে হয়। সেই কথা মাথায় রেখেই এই উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে সমাজের পিছিয়ে পড়া মানুষজন সম্মানের সঙ্গে নতুন জীবনে পদার্পণ করতে পারেন।
এই মহৎ উদ্যোগকে ঘিরে এলাকাজুড়ে উৎসবের আবহ তৈরি হয়েছে। সমাজের বিভিন্ন স্তরের মানুষ ও বিশিষ্টজনেরা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরাও সমাজের প্রতি সংস্থার এই মানবিক দৃষ্টিভঙ্গির প্রশংসা করেন।
সামাজিক সংহতি ও মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে এই গণবিবাহ অনুষ্ঠান ইতিমধ্যেই শিলিগুড়ি তথা উত্তরবঙ্গের মানুষের মধ্যে বিশেষ সাড়া ফেলেছে।