শিলিগুড়ি, ১৭ মে, নিজস্ব সংবাদদাতা : সমাজকে মাদকমুক্ত করার লক্ষ্যে রবিবার শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের ৪৫ নম্বর ওয়ার্ডের দুর্গাগুড়ি রতন লাল বস্তিতে বিশেষ মাদকবিরোধী অভিযান চালায় মহিলা উইং বাহিনী। সমাজে ক্রমবর্ধমান মাদকাসক্তির বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে এদিন এলাকার বিভিন্ন প্রান্তে প্রচার চালানো হয়।
অভিযানের মাধ্যমে সাধারণ মানুষের কাছে মাদক সেবন ও মাদক বিক্রির বিরুদ্ধে সরব হওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি যুব সমাজকে নেশার করাল গ্রাস থেকে দূরে রেখে সুস্থ ও সুন্দর সমাজ গঠনের বার্তাও তুলে ধরা হয়। সংগঠনের সদস্যরা জানান, মাদক একটি সামাজিক ব্যাধি, যা ধীরে ধীরে ব্যক্তি, পরিবার এবং সমাজকে ধ্বংসের পথে ঠেলে দেয়। তাই এই বিষয়ে সবাইকে একযোগে সচেতন হওয়া অত্যন্ত জরুরি।
এদিন মহিলা উইং বাহিনীর সদস্যরা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করেন। তারা বলেন, শুধুমাত্র প্রশাসনের উদ্যোগ নয়, সাধারণ মানুষকেও মাদকবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা নিতে হবে। বিশেষ করে নতুন প্রজন্মকে নেশার পথ থেকে দূরে রাখতে পরিবার ও সমাজের দায়িত্ব অনেক বেশি।
স্থানীয় বাসিন্দারাও এই উদ্যোগকে স্বাগত জানান। তাঁদের বক্তব্য, এই ধরনের সচেতনতা অভিযান নিয়মিত হলে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে এবং যুব সমাজ মাদকের প্রভাব থেকে অনেকটাই দূরে থাকবে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও শহরের বিভিন্ন এলাকায় এই ধরনের মাদকবিরোধী সচেতনতা অভিযান চালানো হবে। সমাজের সকল স্তরের মানুষকে সঙ্গে নিয়ে একটি সুস্থ, নিরাপদ ও মাদকমুক্ত পরিবেশ গড়ে তোলাই তাঁদের মূল লক্ষ্য।