শিলিগুড়ি,২৪ মে: বিদ্যা ভারতী উত্তরবঙ্গের উদ্যোগে ২০২৬ শিক্ষাবর্ষে মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী ছাত্র-ছাত্রীদের সম্মান জানাতে ‘কৃতি মেধা সম্মান ২০২৬’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংস্থার পরিচালিত ৯টি শিক্ষাপীঠের মোট ৪৯২ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৮৭ জন সফলভাবে উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে ৪৩ জন ছাত্র-ছাত্রী ৯৫ শতাংশের বেশি নম্বর পেয়ে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।
উল্লেখযোগ্যভাবে, একজন পড়ুয়া রাজ্যের প্রথম দশের মধ্যে স্থান করে নিয়েছে। পাশাপাশি, বাংলা মাধ্যমের অন্যান্য বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরাও এই কৃতিত্বের তালিকায় রয়েছে। তাদের মধ্যে অভিরুপ ভদ্র রাজ্যে প্রথম স্থান অধিকার করে বিদ্যালয় তথা উত্তরবঙ্গের গৌরব বৃদ্ধি করেছে।
এছাড়াও, CBSE বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণির মোট ৬ জন কৃতী ছাত্র-ছাত্রীকেও এই অনুষ্ঠানে সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ, মাটিগাড়া-নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মণ, দার্জিলিং জেলার বিদ্যালয় পরিদর্শক এবং বিদ্যা ভারতী পূর্বাঞ্চলের কার্যকরী সদস্য দিবাকর ঘোষসহ বহু বিশিষ্ট ব্যক্তিত্ব।
বিদ্যা ভারতী উত্তরবঙ্গের পক্ষ থেকে সকল কৃতী ছাত্র-ছাত্রীকে আন্তরিক শুভেচ্ছা জানানো হয়েছে এবং তাদের উজ্জ্বল ভবিষ্যতের কামনা করা হয়েছে।