শিলিগুড়ি ,১৭ আগস্ট: শিলিগুড়ির হাকিমপাড়া সংলগ্ন খেলাঘর মোড়ের একটি বাড়ি থেকেই এবার দক্ষিণ কোরিয়ায় পাড়ি দিতে চলেছে মা দুর্গার প্রতিমা। বাড়ির মধ্যেই নিজের কর্মশালা তৈরি করে সাড়ে চার ফুটের ফাইবারের দুর্গাপ্রতিমা তৈরি করেছেন শিলিগুড়ির শিল্পী সঞ্জীব সাহা। শিপিংয়ের মাধ্যমে প্রতিমাটি দক্ষিণ কোরিয়ায় পাঠানো হবে। সমুদ্রপথে প্রায় এক মাসের যাত্রা শেষে সেখানকার একটি বাঙালি সোসাইটির উদ্যোগে দুর্গাপুজোয় পূজিত হবে প্রতিমাটি।
প্রায় তিন মাসের পরিশ্রমে তৈরি হয়েছে এই প্রতিমা। ছোটবেলা থেকেই শিল্পকর্মের প্রতি আগ্রহ থাকলেও দীর্ঘদিন এটিকে পেশা হিসেবে নেওয়ার পরিকল্পনা ছিল না সঞ্জীবের। তবে গত প্রায় দেড় বছর ধরে নিজের শিল্পীসত্তাকে নতুনভাবে তুলে ধরতে শুরু করেন তিনি। বিভিন্ন ধরনের মূর্তি, প্রতিমা ও ভাস্কর্য তৈরি করে সেগুলির ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করতেন। সেই কাজই নজরে আসে দক্ষিণ কোরিয়ার একটি বাঙালি সোসাইটির। সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই যোগাযোগের পর দুর্গাপ্রতিমা তৈরির বরাত পান সঞ্জীব।
বিদেশে পাঠানোর কথা মাথায় রেখে মাটির পরিবর্তে ফাইবার ব্যবহার করে তৈরি করা হয়েছে প্রতিমাটি। প্রথমে মাটি দিয়ে মূল মডেল তৈরি করা হয়। এরপর সেই মডেলের মোল্ড তৈরি করে বিশেষ ফাইবার ও কেমিক্যালের সাহায্যে ধাপে ধাপে প্রতিমার কাঠামো তৈরি করা হয়। পরে চলে ফিনিশিং এবং বিভিন্ন সূক্ষ্ম কাজ।
মাটির প্রতিমার তুলনায় ফাইবারের প্রতিমা তৈরিতে সময়, শ্রম এবং খরচ—তিনটিই বেশি। প্রতিমাটিকে বিদেশে পাঠানোর উপযোগী করে তৈরি করাও ছিল আলাদা চ্যালেঞ্জ। বাড়ির মধ্যেই তৈরি করা কর্মশালায় সম্পূর্ণ কাজটি শেষ করেছেন সঞ্জীব।
ছোটবেলায় কারও কাছে আলাদা করে প্রথাগত প্রশিক্ষণ নেননি সঞ্জীব। বিভিন্ন বড় কারখানায় কাজ দেখতে দেখতে শিল্পকর্ম তৈরির নানা কৌশল রপ্ত করেছেন। গত দেড় বছর ধরে নিজের শিল্পীসত্তাকে গুরুত্ব দিয়ে নিয়মিত কাজ করছেন তিনি। তবে দক্ষিণ কোরিয়ায় দুর্গাপ্রতিমা পাঠানোর ঘটনা তাঁর জন্য একেবারেই নতুন অভিজ্ঞতা।
সঞ্জীবের হাতে তৈরি এই প্রতিমা এবার শিলিগুড়ি থেকে সমুদ্রপথে পাড়ি দেবে দক্ষিণ কোরিয়ায়। বিদেশের মাটিতে তাঁর তৈরি মা দুর্গা পূজিত হওয়াকে নিজের শিল্পজীবনের অন্যতম বড় প্রাপ্তি হিসেবে দেখছেন তিনি।