দার্জিলিংয়ে ২১৫ কোটি টাকায় স্পোর্টস ওয়েলনেস রিসর্ট
দার্জিলিং: পাহাড়ের পর্যটন মানচিত্রে নতুন মাত্রা যোগ করার পাশাপাশি উত্তরবঙ্গের ফুটবল প্রতিভাকে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে তুলে ধরার লক্ষ্যে বড়সড় উদ্যোগ নিতে চলেছে Arya Tea Company Limited। দার্জিলিংয়ের Arya Tea Estate-এ প্রায় ৪০ একর জমির উপর গড়ে উঠতে চলেছে অত্যাধুনিক ‘Sidra Hills Sports & Wellness Resort’। প্রায় ২১৫ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী ৬ সেপ্টেম্বর প্রকল্পটির আনুষ্ঠানিক ঘোষণা হওয়ার কথা। অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবল কিংবদন্তি Cafu-র।
সংস্থার ডিরেক্টর বিরাজ বনসল জানিয়েছেন, এই প্রকল্পকে শুধুমাত্র পর্যটনকেন্দ্রিক না রেখে স্পোর্টস, ওয়েলনেস ও অ্যাডভেঞ্চার—এই তিনটি ক্ষেত্রকে একসঙ্গে যুক্ত করা হবে। পরিকল্পনা অনুযায়ী, ২০৩১ সালের মধ্যে প্রকল্পের নির্মাণকাজ সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
এক ছাদের নিচে বিলাসবহুল রিসর্ট ও আধুনিক ক্রীড়া পরিকাঠামো
প্রকল্পটি সম্পূর্ণ হলে সেখানে থাকবে ১০০টিরও বেশি বিলাসবহুল কক্ষ ও ভিলা। পর্যটকদের থাকার পাশাপাশি ফুটবল, বাস্কেটবল, টেনিস-সহ একাধিক খেলাধুলার জন্য তৈরি করা হবে আধুনিক ক্রীড়া পরিকাঠামো। অ্যাডভেঞ্চারপ্রেমীদের জন্য থাকবে All-Terrain Vehicle বা ATV-সহ বিভিন্ন বিনোদনের ব্যবস্থাও।
পাহাড়ের প্রাকৃতিক পরিবেশকে কাজে লাগিয়ে স্পোর্টস ও ওয়েলনেসকে পর্যটনের সঙ্গে যুক্ত করাই এই প্রকল্পের অন্যতম লক্ষ্য। ফলে দেশ-বিদেশের পর্যটকদের পাশাপাশি ক্রীড়াপ্রেমীদের কাছেও দার্জিলিংকে আরও আকর্ষণীয় করে তোলার সম্ভাবনা রয়েছে এই উদ্যোগে।
উত্তরবঙ্গের ফুটবল প্রতিভা খুঁজতে দুই নতুন ক্লাব
রিসর্ট নির্মাণের পাশাপাশি উত্তরবঙ্গের ফুটবলের উন্নয়নেও বড় পরিকল্পনা নিয়েছে Arya Tea Company। পাহাড় ও উত্তরবঙ্গের প্রতিভাবান ফুটবলারদের সামনে এগিয়ে দেওয়ার লক্ষ্যে আত্মপ্রকাশ করতে চলেছে দুটি নতুন ফুটবল ক্লাব—Darjeeling Warriors এবং North Bengal Fighters।
Darjeeling Warriors-এর মাধ্যমে মূলত দার্জিলিং পাহাড়ের প্রতিভাবান ফুটবলারদের তুলে আনার পরিকল্পনা রয়েছে। অন্যদিকে North Bengal Fighters-এর আওতায় আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, মালদা ও দিনাজপুর-সহ উত্তরবঙ্গের বিভিন্ন এলাকার প্রতিভাবান তরুণ ফুটবলারদের খুঁজে বের করা হবে।
দুটি ক্লাবের সঙ্গেই থাকবে পৃথক ফুটবল অ্যাকাডেমি। ছোট বয়স থেকেই প্রতিভাবান খেলোয়াড়দের প্রশিক্ষণ, পরিচর্যা এবং প্রতিযোগিতামূলক ফুটবলের জন্য প্রস্তুত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
AIFF ও IFA অনুমোদনের লক্ষ্যে ফুটবল অ্যাকাডেমি
দুই ক্লাবের ডিরেক্টর ও CEO অপরূপ চক্রবর্তী জানান, স্থানীয় পর্যায়ের ফুটবল কোচ এবং প্রাক্তন ফুটবলারদের যুক্ত করে খেলোয়াড়দের প্রশিক্ষণ ও মেন্টরিংয়ের ব্যবস্থা করা হবে। অ্যাকাডেমিগুলিকে AIFF ও IFA অনুমোদিত করার পরিকল্পনাও রয়েছে।
এই উদ্যোগের ফলে পাহাড় ও উত্তরবঙ্গের তরুণ ফুটবলাররা U-13 এবং U-15 স্টেট লিগে খেলার সুযোগ পেতে পারেন। পাশাপাশি ১১-জনের ফুটবলের পাশাপাশি ফুতসালেও তৈরি করা হবে দল। থাকবে U-14 Futsal Team, পাশাপাশি Senior Men’s ও Women’s Futsal Team। IFA ও AIFF Futsal Championship-এর জন্য খেলোয়াড়দের প্রস্তুত করাই থাকবে এই দলগুলির অন্যতম লক্ষ্য।
ইউরোপ ও লাতিন আমেরিকায় আন্তর্জাতিক প্রতিযোগিতার সুযোগ
উত্তরবঙ্গের প্রতিভাবান ফুটবলারদের আন্তর্জাতিক মঞ্চে পৌঁছে দেওয়ার পরিকল্পনাও রয়েছে সংস্থার। অ্যাকাডেমি থেকে নির্বাচিত প্রতিভাবান তরুণদের ইউরোপ ও লাতিন আমেরিকার বিভিন্ন ফুটবলপ্রধান দেশে আয়োজিত আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য পাঠানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।
ফলে উত্তরবঙ্গের প্রত্যন্ত এলাকার প্রতিভাবান খেলোয়াড়দের সামনে খুলে যেতে পারে নতুন সম্ভাবনার দরজা। প্রশিক্ষণ থেকে শুরু করে প্রতিযোগিতামূলক ফুটবল—একটি পরিকল্পিত পরিকাঠামোর মাধ্যমে খেলোয়াড়দের দীর্ঘমেয়াদি কেরিয়ার গড়ে তোলার লক্ষ্য রাখা হয়েছে।
পর্যটনের সঙ্গে ক্রীড়ার মেলবন্ধনে নতুন সম্ভাবনা
সব মিলিয়ে Arya Tea Company Limited-এর এই পরিকল্পনায় একদিকে যেমন দার্জিলিংয়ের পর্যটন পরিকাঠামোয় নতুন সংযোজন হতে চলেছে, অন্যদিকে পাহাড় ও উত্তরবঙ্গের ফুটবল প্রতিভা বিকাশেও তৈরি হচ্ছে নতুন প্ল্যাটফর্ম।
এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুবারের বিশ্বজয়ী ব্রাজিলীয় কিংবদন্তি ফুটবলার কাফু, যিনি যুব প্রজন্মকে খেলাধুলায় আরও এগিয়ে আসার জন্য উৎসাহিত করেন। পাশাপশি তিনি নিজে মাঠে নেমে খেলে । তাঁর উপস্থিতি অনুষ্ঠানে এক আলাদা মাত্রা যোগ করে।
এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ, ক্রীড়া মন্ত্রী ইন্দ্রনীল খাঁ সহ বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্বরা। বক্তৃতায় অতিথিরা পাহাড়ি এলাকায় ক্রীড়া পরিকাঠামো উন্নয়নের গুরুত্ব তুলে ধরেন এবং এই উদ্যোগকে স্বাগত জানান।
Sidra Hills Sports & Wellness Resort, দুই ফুটবল ক্লাব এবং সংশ্লিষ্ট অ্যাকাডেমিগুলিকে কেন্দ্র করে আগামী দিনে দার্জিলিং ও উত্তরবঙ্গের ক্রীড়া ও পর্যটন ক্ষেত্রে নতুন সম্ভাবনার সৃষ্টি হতে পারে বলেই মনে করা হচ্ছে।
সংস্থার পরিকল্পনার অন্যতম লক্ষ্য হল পাহাড় ও উত্তরবঙ্গের তরুণ ফুটবলারদের আরও বড় স্বপ্ন দেখার সুযোগ করে দেওয়া, দক্ষতা বৃদ্ধির পাশাপাশি তাঁদের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের তুলে ধরার পথ তৈরি করা এবং ফুটবলকে ভবিষ্যৎ গড়ার অন্যতম মাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত করা।