শিলিগুড়ি:- গতকাল গভীর রাতে নিবেদিতা রোডের একটি ওষুধের দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। অভিযোগ, প্রায় পাঁচজনের একটি চোরের দল টোটো করে এসে দোকানে চুরি চালায়।
জানা গিয়েছে, প্রথমে চোরেরা দোকানের শাটার ভাঙার চেষ্টা করে। শাটার ভাঙতে না পেরে লোহার রড ঢুকিয়ে জোর করে সেটি খুলে ফেলে। এরপর চারজন বাইরে পাহারায় থাকলেও একজন দোকানের ভিতরে ঢুকে ক্যাশবাক্সে থাকা প্রায় এক লক্ষ টাকা নিয়ে পালিয়ে যায়।
আজ সকালে দোকানের মালিক অনিত রাঠোর দোকান খুলতে এসে দেখেন ক্যাশবাক্সে থাকা সমস্ত টাকা উধাও। এরপর বাইরে লাগানো সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে তিনি প্রধান নগর থানার পুলিশকে খবর দেন।
দোকান মালিক অনিত রাঠোরের অভিযোগ, এই প্রথম নয়। এর আগেও ২০২৩ সালে একই ধরনের চুরির ঘটনা ঘটেছিল। সে সময়ও পুলিশে অভিযোগ দায়ের করা হলেও কোনও অভিযুক্তকে গ্রেপ্তার করা যায়নি এবং পরে মামলাটি বন্ধ হয়ে যায়। একই ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় আতঙ্কিত ও ক্ষুব্ধ দোকান মালিক। ঘটনার তদন্ত শুরু করেছে প্রধান নগর থানার পুলিশ।