শিলিগুড়ি, ২১ সেপ্টেম্বর: আসন্ন দুর্গাপুজোকে সামনে রেখে শিলিগুড়ি শহর ও উত্তরবঙ্গের মানুষের যাতায়াত আরও স্বচ্ছন্দ করতে মাল্লাগুড়ি–দার্জিলিং মোড় সংযোগকারী নতুন রাস্তা অস্থায়ীভাবে যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। পুজোর মরশুমে বাড়তি যানবাহনের চাপ সামলানো এবং দীর্ঘদিনের দার্জিলিং মোড়ের যানজট কমাতেই এই উদ্যোগ বলে জানা গিয়েছে।
রাস্তা চালু হওয়ার পর তার পরিকাঠামো ও নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে রবিবার রাতে দার্জিলিং মোড় এলাকায় বিশেষ পরিদর্শনে যান ট্রাফিক পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা। উপস্থিত ছিলেন ট্রাফিক ডেপুটি পুলিশ কমিশনার কাজী শামসুদ্দিন আহমেদ, ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার সুবীর দত্ত, জংশন ট্রাফিক ইন্সপেক্টর হৃদম সাহা, দার্জিলিং মোড় জংশন ইনচার্জ টিটু সাহা-সহ অন্যান্য পুলিশ আধিকারিক ও কর্মীরা।
রাস্তার আলো ও নিরাপত্তা নিয়ে নজর পুলিশের
পরিদর্শনের সময় পুলিশ আধিকারিকেরা পুরো রাস্তাটি হেঁটে ঘুরে দেখেন। রাতের সময়ে রাস্তার কয়েকটি অংশে পর্যাপ্ত আলোর অভাব রয়েছে বলে তাঁদের নজরে আসে। পাশাপাশি রাস্তার কোথাও পিছল অংশ, দুর্ঘটনাপ্রবণ জায়গা বা যান চলাচলের ক্ষেত্রে অন্য কোনও সমস্যা রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হয়।
রাতের বেলায় পথচারী ও যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত পর্যাপ্ত আলোর ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে যান চলাচল নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সাইনবোর্ড, দিকনির্দেশিকা এবং ট্রাফিক সিগন্যাল বসানোর বিষয়েও জাতীয় সড়ক কর্তৃপক্ষের (NHAI) সঙ্গে আলোচনা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
নতুন রাস্তায় যান চলাচলের পরিকল্পনা
প্রস্তাবিত ট্রাফিক ব্যবস্থায় দার্জিলিং মোড়ের নিচ দিয়ে তৈরি প্রথম রাস্তা ব্যবহার করে যানবাহন চলাচল করবে। নতুন এই সংযোগপথ চালু হলে মূল মোড়ের উপর যানবাহনের চাপ কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে।
পুজোর ভিড় সামলাতেই বিশেষ উদ্যোগ
উল্লেখ্য, রবিবার দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তার পরিদর্শনের পর রাস্তা অস্থায়ীভাবে যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়। দুর্গাপুজোর সময়ে শিলিগুড়ি এবং উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে শহরে মানুষের পাশাপাশি পর্যটকদের আনাগোনাও বাড়বে। ফলে বাড়তি যানবাহনের চাপ সামলাতে আগে থেকেই ট্রাফিক ব্যবস্থাকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে পুলিশ।
নতুন রাস্তা এবং পরিকল্পিত ট্রাফিক ব্যবস্থার মাধ্যমে দার্জিলিং মোড়ের যানজট নিয়ন্ত্রণের পাশাপাশি পুজোর সময়ে সাধারণ মানুষ ও পর্যটকদের যাতায়াত আরও সহজ ও নিরাপদ করাই প্রশাসনের মূল লক্ষ্য।