শিলিগুড়ি,২৩ মে: শিলিগুড়ির শান্তিনগর বৌবাজার এলাকায় চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল এক যুবক। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।
জানা গিয়েছে, বৌবাজার এলাকার এক ব্যবসায়ীর দোকানের পাশেই রয়েছে তার গোডাউন। শনিবার দোকানে ক্রেতাদের সামগ্রী দিচ্ছিলেন মালিক ও কর্মচারীরা। সেই সময় গোডাউনটি খোলা থাকলেও ভেতরে কেউ উপস্থিত ছিল না। এই সুযোগকে কাজে লাগিয়ে এক যুবক চুপিসারে গোডাউনে ঢুকে একটি কিশমিশের কার্টুন নিয়ে পালানোর চেষ্টা করে।
তবে মালিকের নজরে পড়তেই তিনি চিৎকার শুরু করেন। আওয়াজ শুনে আশপাশের ব্যবসায়ী ও স্থানীয়রা ছুটে এসে ওই যুবককে ধরে ফেলে। এরপর উত্তেজিত জনতা তাকে আটক করে গণধোলাই দেয়।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় আশিঘর ফাঁড়ির পুলিশ। পুলিশ ওই যুবককে উদ্ধার করে তল্লাশি চালালে তার কাছ থেকে একটি টোটোর চাবি উদ্ধার হয়। জিজ্ঞাসাবাদে ধৃত জানায়, তার সঙ্গে আরও একজন জড়িত রয়েছে এবং টোটোটিও তাদের নয়।
পুলিশ অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। পাশাপাশি টোটোর খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।